
শাস্ত্রীয় সংগীতের অ্যালবাম রাগা ডেলাইটস প্রকাশ করছে বেঙ্গল ফাউন্ডেশন। শিল্পী প্রিয়াঙ্কা গোপ। আজ অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে বেঙ্গল শিল্পালয়ে। থাকবে শিল্পীর একক পরিবেশনা। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এসব নিয়েই আলাপচারিতা প্রিয়াঙ্কা গোপের সঙ্গে।
শাস্ত্রীয় সংগীতের অ্যালবাম করার ব্যাপারে আগ্রহ হলো কেন?
দীর্ঘদিন শাস্ত্রীয় গানের চর্চা করছি। কাজ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক হিসেবে। শুরু থেকেই একটা ইচ্ছা ছিল—আমার প্রথম অ্যালবামটি হবে শাস্ত্রীয় গান নিয়ে। এবার বহুদিনের ইচ্ছাটা পূরণ হলো।
এই অ্যালবামে আপনি কী ধরনের গান গেয়েছেন?
খেয়াল, ঠুমরি, ভজন আর চৈতি। আমার সঙ্গে তবলা বাজিয়েছেন পণ্ডিত অভিজিৎ ব্যানার্জি, হারমোনিয়াম বাজিয়েছেন উদয় শংকর মালাকার।
আপনি তো এর আগেও অ্যালবাম করেছেন।
হ্যাঁ, আমার প্রথম অ্যালবাম সুরে সুরে দেখা হবে। গজল আঙ্গিকের গান নিয়ে। আসাফ্উদ্দৌলাহ্র লেখা ও সুর করা গজল গেয়েছিলাম তাতে। বছর চারেক আগে ওটা প্রকাশ করেছিল বেঙ্গল ফাউন্ডেশন।
আমাদের এখানে শাস্ত্রীয় সংগীতের অ্যালবাম খুব কম প্রকাশিত হয়। আপনার ভাবনা কী?
প্রথম কারণ, শ্রোতা একেবারেই কম। শাস্ত্রীয় সংগীতের অ্যালবাম করতে গেলে আত্মবিশ্বাস খুব দৃঢ় হতে হয়। সে রকম চর্চা থাকতে হয়। মঞ্চের পরিবেশনা আর অ্যালবাম তৈরি কিন্তু একই ব্যাপার নয়। মঞ্চে একজন শিল্পীর পরিবেশনায় কোনো ঘাটতি থাকলেও তা কাটিয়ে ওঠা যায়, কিন্তু অ্যালবামে তা থেকে যায়।