>এই সময়ের তরুণ ও মেধাবী বাঁশিশিল্পী জালাল আহমেদ। একদম সাদামাটা জীবনযাপন তাঁর। তবে বাঁশিতে যখন তাঁর হৃদয় নিংড়ানো সুর খেলা করে, তখন শ্রোতারা খুঁজে পান অন্য এক জালালকে। নওগাঁর প্রয়াত বাউল ফকির রহিম চাঁদ ও বিলকিস বানুর দ্বিতীয় সন্তান তিনি। ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের আজকের রাতে এই বাঁশিশিল্পী তাঁর সুরে ভাসাবেন আর্মি স্টেডিয়ামে আসা দর্শকদের।

আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের মঞ্চে একক পরিবেশনায় অংশ নেওয়ার ব্যাপারটি কেমন লাগছে?
আমার মনে হয়, গতবার পাকিস্তানি সুফি শিল্পী আবিদা পারভীনের সঙ্গে বাঁশি বাজানোর ব্যাপারটিই আমাকে এই সুযোগ করে দিয়েছে। আয়োজক কর্তৃপক্ষ আমাকে একটু ভালোবাসাও দিচ্ছে বলতে পারেন। আমার এই ছোট জীবনে এটা পাওয়ার কথা ছিল না; মা-বাবা, সংগীতাঙ্গনের বন্ধু ও বড় ভাইবোনদের দোয়া আর ভালোবাসা ছিল বলেই এটা সম্ভব হয়েছে।
বাঁশি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি?
আমার দীর্ঘদিনের ইচ্ছা বাঁশির একটা স্কুল চালু করার। এটা আমার জীবনের শেষ ইচ্ছাও বলতে পারেন। আমার জন্মস্থান নওগাঁর রামরাইপুর গ্রামে ১০ কাঠা জায়গাও কেনা আছে। সেখানে কৃষ্ণচূড়াগাছ থাকবে। ১০০ জন বাঁশিশিল্পী আমার সামনে বসে থাকবেন, আমি তাঁদের সঙ্গে বাঁশি নিয়ে আলাপ করব। এভাবেই একদিন সারা দেশে লোকগানের সুর ছড়িয়ে পড়বে। বাঁশি নিয়ে একটা অ্যালবামও করব। সেটার জন্য এখনো আমাকে শিখতে হচ্ছে।
কার অনুপ্রেরণায় বাঁশিশিল্পী হতে চেয়েছিলেন?
আমার বাবার। তিনিই প্রথম আমাকে বাঁশি কিনে দিয়েছেন। আজকের এই ‘জালাল’ হতে তিনি অনেক বেশি সহযোগিতাও করেছেন। তা ছাড়া আমি নিজে সাউথ ইন্ডিয়ান বাঁশি সবচেয়ে বেশি পছন্দ করি। বাঁশি বাজানোর ক্ষেত্রে শশাঙ্ক সুব্রামনিয়ামকে অনুসরণ করি।
সাক্ষাৎকার: মনজুর কাদের