‘বাংলা গানকে সফল করেছে শুধুই বাংলাদেশের ব্যান্ড’
মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদকে ব্যান্ডের বাইরে খুব একটা গান গাইতে দেখা যায় না। চার দশকে ব্যান্ডের বাইরে মাত্র পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘যেয়ো না চলে’ শিরোনামে নতুন একটি গান। গাওয়ার পাশাপাশি এই গানের সুরকারও হামিন আহমেদ। গানের কথা লিখেছেন ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন। গানটিসহ অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন হামিন আহমেদ।
প্রশ্ন :
ফেসবুক, ইউটিউবের মন্তব্যে ‘যেয়ো না চলে’ গানটি নিয়ে বেশির ভাগ মানুষ বলছেন, অন্য রকম এক হামিন আহমেদকে পাওয়া গেছে। গানটি প্রসঙ্গে শুনতে চাই।
বলা যেতে পারে, এটা আরেকটা আমি। গানটির যখন সুর তৈরি হয়, কথা লেখা হয়, তখনই ভালো লেগেছে। এই গানের আবেদনটা অন্য রকম। আমার কিন্তু এই গায়কিই ছিল সব সময়। কিন্তু ৪০ বছরে যা কিছুই করেছি, সেটা ব্যান্ডকে কেন্দ্র করে। সে কারণে, আমার একক গান খুবই কম। তা–ও খুব অনুরোধে করেছি। সর্বশেষ গাওয়া ‘তুমি কোথায়’ গানটিও কিন্তু ভালোই সমাদৃত হয়। জি–সিরিজ ওই গানের রেসপন্স দেখে আমার একক অ্যালবাম করতে চেয়েছিল, ব্যান্ডের ব্যস্ততায় হয়নি। অনেক দিন পর যেভাবে চেয়েছি, সাউন্ডওয়াইজ, ভিডিওওয়াইজ—এটা তেমনই একটা গান। এই গানের একটা বড় গল্প আছে।
প্রশ্ন :
কী সেই গল্প, অল্প কথায় যদি বলতেন!
করোনার সময় কেউ তো বাসা থেকে বের হচ্ছিলাম না। একটা সময় আমাদের আড্ডার একটা জায়গা হয় গানবাংলা অফিস। গেল বছরের রোজার শুরুর কয়েক দিন আগে আমরা আড্ডায় বলছিলাম, এই ৩০ দিন কাজে লাগাতে পারলে ভালো হতো। কারণ, তখন সবকিছুই বন্ধ। ওই সময় ইফতারের পরপরই আমাদের আড্ডা শুরু হতো, চলত সকাল পর্যন্ত। একদিন আমি গিটার বাজাচ্ছিলাম, তাপস তা রেকর্ড করে রাখে। পরে একদিন তাপস বলল, ‘আপনি যে ওই দিন গিটার বাজিয়ে হামিং করছিলেন, তা কি মনে আছে?’ বললাম, না। এরপর রেকর্ডটা বাজিয়ে শোনাল। আমারও দারুণ লাগল। এরপর তাপস লিরিকস আর আমি সুর করা শুরু করলাম। কয়েক ঘণ্টায় গানটা তৈরি হলো। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং গল্প হচ্ছে, গান তৈরির পরিবেশের যে অভাবটা আমাদের সবার মধ্যে হয়েছিল, সেটা অনেক দিন পর ফিরে পেয়েছি। মাইলসেরও যখন টানা গান হয়েছে, তখন কিন্তু পরিবেশ ছিল। বহুদিন পর সেই পরিবেশ ফিরে এসেছে। টিএম রেকর্ডস যেভাবে কাজ করছে, বাংলা গানের জন্য তা ভীষণ ইতিবাচক। অনেকে ভ্যাবাচেকা খেতে পারেন।
প্রশ্ন :
‘ভ্যাবাচেকা’ কেন?
ভ্যাবাচেকা সারপ্রাইজিং অর্থে বলেছি। টিএম রেকর্ডস থেকে যেসব বৈচিত্র্যময় গান প্রকাশিত হতে যাচ্ছে, এগুলো সংগীতাঙ্গনে অনেক বড় একটা প্রভাব ফেলবে। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের বাংলা গানে গ্ল্যামার ব্যাপারটা সব সময় মিসিং ছিল। এটা নিয়ে মানুষ নানা ধরনের মতামত দিতেন। অথচ হিন্দি গানে কিন্তু আমরা ঠিকই দেখতে পাচ্ছি। সেসব ব্যাপার আবার ফিরে আসা শুরু করেছে।
প্রশ্ন :
গানে গ্ল্যামার কেন এতটা গুরুত্বপূর্ণ?
গ্ল্যামার সাধারণ দর্শকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। একটা হ্যান্ডসাম ছেলে বা মেয়ে—একটা সুন্দর ফুলের মতো, যে কারণে হিরো-হিরোইনকে মানুষ বেশি পছন্দ করেন। একটা স্মার্ট ব্যান্ড অন স্টেজ অলওয়েজ মেকস অ্যান ইমপ্যাক্ট, অলওয়েজ উইল মেক অ্যান ইমপ্যাক্ট। আমার পয়েন্ট হচ্ছে, বাংলা গান প্রচুর হয়েছে। বাংলায় প্রতিভাবান সংগীতজ্ঞের তো অভাব নেই। কিন্তু তাঁরা বাণিজ্যিকভাবে ওই জায়গায় পৌঁছাতে পারেননি, আমার বাবাও না। যেটা তাঁদের পাওনা ছিল, সেটা তাঁরা পাননি। কারণ, আমরা সংগীতের ইন্ডাস্ট্রিটা দাঁড় করাতে পারিনি। আমরা ওই ধরনের অর্থ বিনিয়োগও এখানে করতে পারিনি।
প্রশ্ন :
আপনি বলছিলেন, আমরা বাংলা গানে বাণিজ্যিকভাবে সফল হতে পারিনি। কারণ কী?
আমরা সব সময় খুব ফর্মুলায় চলে যাই। সব সময় ঐতিহ্যের ব্যাপারটা মাথায় রাখি। এই ঐতিহ্যের বিষয়টা মাথায় রাখতে গিয়ে বাংলা গান কমার্শিয়ালি খুবই আনসাকসেসফুল। বাঙালিরা হিন্দি গান বানিয়ে কমার্শিয়ালি ফাটিয়ে ফেলছে, অথচ বাঙালি বাংলা গানের ক্ষেত্রে ব্যর্থ—শুধু মানসিকতার কারণে। তবে বাংলা গানকে সফল করেছে শুধুই বাংলাদেশের ব্যান্ড। আমি বলতে চাই, যাঁরা গান করছেন, এই মিউজিক ইন্ডাস্ট্রি কিন্তু ক্রিকেট ইন্ডাস্ট্রির সমান হতে পারে। ক্ষেত্রবিশেষে বড়ও হতে পারে। বাংলাদেশের সংগীতাঙ্গনও কিন্তু সাকিব আল হাসান ধরনের বিশ্বমানের শিল্পী পাবে। কোনো ফর্মুলায় না থেকে খোলা মনে আমাদের কাজ করতে হবে। আমাদের সবাইকে মিলে ওই জায়গায় নিয়ে যেতে হবে।