বাইরে সময় দেওয়ার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববি
ববি

গেল বছর ঈদুল আজহায় ববি অভিনীত রাজা বাবু ছবিটি মুক্তি পায়। মাঝে প্রায় ১০ মাসের বিরতি। শিগগিরই তাঁর ওয়ান ওয়ে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। পাশাপাশি ববি প্রযোজিত প্রথম ছবি বিজলীর কাজও প্রায় শেষ। এসব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
আগামী শুক্রবার তো আপনার নতুন ছবি ‘ওয়ান ওয়ে’–এর মুক্তির কথা ছিল।
হ্যাঁ, আগামী শুক্রবার ওয়ান ওয়ে ছবিটির মুক্তির কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন দিন হিসেবে ১২ আগস্ট ছবিটি মুক্তি পেতে পারে।
তাহলে বলা যায়, অনেক দিন পর বড় পর্দায় ফিরছেন।
হ্যাঁ। মাঝে যে কটি ছবিতে কাজ শুরু করেছিলাম, তা এখনো শেষ করতে পারিনি। এ কারণে নতুন কোনো ছবি মুক্তির সুযোগ ছিল না।
ছবির কাজ শুরু করে শেষ করতে না পারার কারণ কী?
আমার নিজের প্রযোজনায় বিজলী ছবি নিয়ে ব্যস্ত ছিলাম। ছবিটির শুটিং শুরুর প্রায় ছয় মাস আগ থেকে আমাকে প্রস্তুতি নিতে হয়েছে। ফলে নিজের প্রযোজনার বাইরের কোনো ছবির কাজ করতে পারিনি। একই কারণে মাল্টা ছবির কাজও শুরু করতে পারিনি। নীলিমা ছবিটির কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। এখন শুটিং বন্ধ আছে।
‘বিজলী’ ছবির খবর কী?
ছবির ৬০ শতাংশ কাজ শেষ। দার্জিলিং, কলকাতা ও বাংলাদেশে হয়েছে শুটিং। বাকি কিছু অ্যাকশন ও গানের দৃশ্যের কাজ হবে থাইল্যান্ডে।
এর মধ্যে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন?
না। বিজলীর কাজ শেষ না করে আর কোনো ছবি হাতে নিচ্ছি না। প্রযোজক হওয়ায় এই ছবির সবকিছুই আমাকে দেখতে হচ্ছে। ফলে বাইরে সময় দেওয়ার কোনো সুযোগ নেই।

সাক্ষাৎকার: শফিক আল মামুন