বাণিজ্যিক ছবিতে কাজ করতে চাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সুমনা সোমা
সুমনা সোমা
গত শনিবার ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবে ৬৮টি দেশের ২১০টি চলচ্চিত্র অংশ নিয়েছে। বাংলাদেশ থেকে আশরাফ শিশির পরিচালিত ছবি গোপনআন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উৎসবে প্রদর্শিত হচ্ছে ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুমনা সোমা। ছবিটি নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

 মুক্তির আগেই আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর সুযোগ পেয়েছে ছবিটি। কেমন লাগছে?

পরিচালকের মুখ থেকে খবরটি শোনার পর থেকেই খুশি আমি। এর আগেও আমার অভিনীত নন্দিত নরকে ছবিটি একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শনীর জন্য আমাদের অনেক ছবিই এখন মনোনীত হচ্ছে। এতে দেশের সম্মান বাড়ছে।

উৎসব থেকে আমন্ত্রণ পেয়েছেন?

আমি, ছবির পরিচালক—দুজনই উৎসব থেকে আমন্ত্রণ পেয়েছি। গত শনিবার পরিচালক উৎসবে যোগ দিয়েছেন। আমি যেতে পারিনি। চলতি কয়েকটি ধারাবাহিক নাটকের শিডিউল দেওয়া ছিল আগে থেকে। যেতে পারলে ভালো হতো।

আপনাকে মিডিয়ায় খুব কম দেখা যায়। কেন?

কাজ তো করছি। মাঝে অল্প কিছুদিন বিরতি নিয়েছিলাম। তারপর থেকে নিয়মিতই একাধিক ধারাবাহিক নাটকে কাজ করছি। বর্তমানে আমার চারটি ধারাবাহিকের প্রচার চলছে। তবে দর্শক আমাদের চ্যানেলে নাটক কম দেখেন বলে মনে হয় যে অভিনয় কমিয়ে দিয়েছি।

একসময় বাণিজ্যিক ছবিতে কাজ শুরু করেছিলেন...

রাজধানী, নন্দিত নরকে ছবিগুলোতে কাজের পর আর বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করা হয়নি। আমার অবস্থান থেকে বাণিজ্যিক ছবিতে কাজ করতেও চাইনি। বর্তমানে আমার অবস্থান ও বয়সের গাম্ভীর্যকে ধরেই আমি ওই ধরনের ছবিতে কাজ করছি।

কী কী ছবিতে কাজ করছেন এখন?

গোপনছবিটি করার আগে ইমপ্রেস থেকে আশরাফ শিশিরের আরেকটি ছবি আমরা একটি সিনেমা বানাবতে কাজ করেছি। এর দ্বিতীয় কিস্তি হবে। উৎসব থেকে পরিচালক ফিরলেই শিডিউল হয়ে যাবে। চলতি মাসের শেষের দিকে কাজ শুরুর কথা। এ ছাড়া জানুয়ারি মাসে একই নির্মাতা অটিজম শিশুদের নিয়ে ছবি নির্মাণ করবেন। সেখানেও অভিনয়ের জন্য চুক্তি হয়েছে। প্রীতিলতার জীবনী নিয়ে একটি ছবিতে কাজের কথাবার্তা চলছে।

সাক্ষাৎকার: শফিক আল মামুন