বাধ্য হয়ে কাজটি করতে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক সং-সার। নাটকটি রচনা ও পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। এ নাটকে অভিনয় করছেন তানজিন তিশা। কিছুদিন আগে শোনা গিয়েছিল, তিনি ছোট পর্দা থেকে বিরতি নিয়েছেন। তাই ছোট পর্দায় থাকা না-থাকা নিয়েই এবার কথা হলো তাঁর সঙ্গে
তানজিন তিশা
তানজিন তিশা

আপনি তো ধারাবাহিক নাটকে অভিনয় করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন...
এখনো বলছি, আমি ধারাবাহিক নাটকে অভিনয় করতে চাই না। কিন্তু এই নাটকের ঘটনা ভিন্ন। নির্মাণের আগে দোদুল ভাই এনটিভির কাছে নাটকটির শিল্পী তালিকায় আমার নাম দিয়েছিলেন। পরে আর বাদ দিতে পারেননি। বাধ্য হয়েই আমাকে কাজটি করতে হয়েছে। তবে কাজের আগে দোদুল ভাইকে আমি বলেছিলাম, ‘আমার চরিত্রটি এমনভাবে রাখেন, যাতে যেকোনো সময় নাটকটি থেকে আমি বের হয়ে যেতে পারি। সেভাবেই কাজটি হচ্ছে।’
আপনি বেশ কিছুদিন নাটক, বিজ্ঞাপনে কাজ করেননি। কেন?
গত ঈদের আগে খণ্ড ধারাবাহিক, এক ঘণ্টার নাটকসহ বিভিন্ন চ্যানেলে কয়েকটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। এত বেশি কাজ করে সে সময় আমি হাঁপিয়ে উঠি। এ কারণে কিছুদিন বিরতি নিয়েছিলাম। এখন আবার কমবেশি কাজ করছি।
শোনা গেছে, চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতির জন্য এই বিরতি...
বিষয়টি শতভাগ ঠিক নয়। তবে চলচ্চিত্রে কাজ করব। চুক্তিবদ্ধ হওয়ার পরই তা ঘোষণা দেব। তখন ছোট পর্দা থেকে বিরতি নেওয়া হতে পারে।
চলচ্চিত্রে কাজের ব্যাপারে কতটুকু এগিয়েছেন?
একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বেশ কয়েকবার মিটিং করেছি। প্রায় ৮০ শতাংশ কাজ এগিয়েছে। তবে এখনই নিশ্চিত করে বলা ঠিক হবে না। আগামী মাসের মাঝামাঝি এর চূড়ান্ত একটি ফলাফল জানাতে পারব বলে আশা করছি। চলচ্চিত্রে কাজের ব্যাপারে এরই মধ্যে বেশ কয়েকবার ভারতে গিয়েছিলাম। কাজটি যৌথ প্রযোজনায় হবে। আর আমি যৌথ প্রযোজনার ছবি দিয়েই চলচ্চিত্রে নাম লেখাতে চাই।
সাক্ষাৎকার: শফিক আল মামুন