বাবা প্রচুর হোমওয়ার্ক করে নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সন্দীপ রায় l ছবি: সুমন ইউসুফ
সন্দীপ রায় l ছবি: সুমন ইউসুফ
বাংলাদেশে নির্মিত হয়েছে সত্যজিৎ রায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ অবলম্বনে টিভি সিরিজ ‘ফেলুদা’। এবারের ঈদুল আজহায় চ্যানেল আইতে দেখা যাবে সিরিজের দুটি গল্প থেকে নির্মিত নাটক। এখানে ফেলুদা চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেতা পরমব্রতকে। সিরিজটি নিয়ে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন সত্যজিৎ রায়ের ছেলে চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রায়। গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।

‘ফেলুদা’ হিসেবে পরমব্রত কেমন করলেন?

বাংলাদেশে ‘ফেলুদা’র প্রচুর ভক্ত আছে, এটা আমি জানি। যাঁরা নির্মাণ–প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাঁরা তো এটা চিন্তা করেই করছেন। তাঁরা নিশ্চয়ই ভক্তদের ঠকাবেন না। আমি বরাবরই আশাবাদী। আর পরমব্রত প্রচণ্ড মেধাবী ছেলে। ভালো নির্মাতা। আগে ‘তোপসে’ চরিত্র করেছে। এখন ওর প্রমোশন হয়েছে (হাসি)।

১৯৯৭ সালে বাংলাদেশে ফেলুদাকে নিয়ে কাজ করতে ঢাকায় এসেছিলেন। কাজটা এগোল না কেন?

অনেক কারণ আছে। লোকেশন থেকে শুরু করে অনেক ব্যাপার ছিল, সেসব কারণে কাজটা ওই সময় করার সাহস হয়নি। তবে ওটা নিয়ে আমরা অনেক দূর এগিয়েছিলাম। কক্সবাজার সমুদ্রসৈকত থেকে শুরু করে নানা জায়গায় ঘুরেছিলাম। একদল তরুণ আমার সঙ্গে ছিল ওই সময়।

আপনি নিজে আবার কবে নাগাদ ফেলুদার কাজ করবেন?

আসলে ফেলুদাকে পর্দায় আনা খুব কঠিন। কারণ এটা এত পরিচিত চরিত্র যে একটু এদিক-সেদিক হলে সবাই খেপে যায়। আমার বোম্বাইয়ের বোম্বেটে চলচ্চিত্রে ফেলুদা একজনের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে কথা বলেছে। সেটার জন্য আমাকে যে কত কৈফিয়ত দিতে হয়েছে, তা বলে বোঝাতে পারব না।

মাঝে ফেলুদা চরিত্রে আবিরকে এনে পরে আবার সব্যসাচীকে ফিরিয়ে আনলেন কেন?

আবির ব্যোমকেশ করার পর আমার সঙ্গে কথা হয়েছিল যে আর করবে না। এটা নিশ্চিত হয়েই আমি ফেলুদা করাই। পরে আবার যখন সে ব্যোমকেশ করতে গেল, তখনই সিদ্ধান্ত নিয়েছি যে আবিরকে আর ফেলুদায় নেব না। কারণ হলো, দর্শক এক ব্যক্তিকে দুটি গোয়েন্দা চরিত্রে নেবে না। এটা অসম্ভব। আর সব্যসাচীর এমন অবস্থা যে ওকে কিন্তু লোকে ফেলুদা হিসেবেই চেনে। কিন্তু ওর একটু বয়স হয়েছে, এ কারণেই নেওয়া কঠিন।

তাহলে কলকাতার নতুন ফেলুদা কে হচ্ছেন?

আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। ও রকম কাউকে দেখছিও না।

সত্যজিতের আরেক জনপ্রিয় চরিত্র ‘প্রফেসর শঙ্কু’ নিয়ে কোনো কাজ করেননি?

করিনি, তবে এখন করার সময় এসেছে। কারণ, এখন প্রযুক্তিগত অনেক সুবিধা পাওয়া যাবে। শঙ্কু তো সাধারণভাবে করা যাবে না।

বাবা সত্যজিতের কাছ থেকে কোন তিনটি গুণ পেয়েছেন?

আমার বাবা কাজের ব্যাপারে খুব নির্মম ছিল। যেমন, অনেক কষ্ট, পরিশ্রম এবং সময় নিয়ে একটা দৃশ্য ধারণ করা হলো। পরে দেখা গেল সেটা সিনেমার ‘ফ্যাট’। তাই ফেলে দিতে হবে। এই নির্মমতা বাবা করত। আর সিনেমায় মিউজিকটা নিজে করত। যেটা আমিও করি। শেষটা হলো, যেকোনো কিছু করার আগে প্রচুর হোমওয়ার্ক করে নিত। এতে কাজটা যেমন সহজ হতো, বাজেটও কমে যেত।

সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক