বাবার সে কী গর্ব, তাঁর মেয়ে বাংলা সিনেমা করেছে

চার বছর পর আপনাকে সম্প্রতি বড় পর্দায় দেখা গেল। ‘নির্বাক’ ছবিতে, তাও আবার বাংলা ভাষায়। কেমন লাগল?
প্রথমে আমার জন্য বাংলা ছবির প্রস্তাবটি ছিল ভীতিকর। সৃজিত (পরিচালক সৃজিত মুখার্জি) একদিন ফোন করে আমাকে বলল, ‘আমি একটা ডিপ্লোমা ফিল্ম করতে চাই।’ ওখানেই আমার ভয় লেগে গেল। কারণ তার সবগুলো ছবিই ছিল বাণিজ্যিকভাবে সফল। তাই ‘ডিপ্লোমা’ (ভিন্নধারার ছবি) ফিল্মের কথা শুনে বললাম, কেন ভাই, কমার্শিয়াল ফিল্মই করো না! কিন্তু সৃজিতের মেধা এবং চিন্তার ওপর আমার আস্থা ছিল। তাই তার পাণ্ডুলিপিটি নিলাম। আমার সেটা দুবার পড়তে হয়েছিল গল্প বোঝার জন্য, গল্পের গভীরে যাওয়ার জন্য। কারণ, এটা কোনো সাধারণ ছবি ছিল না; না আমার জন্য, না সৃজিতের জন্য।
শুনেছি, আপনি আপনার মায়ের স্বপ্নপূরণের জন্য ‘নির্বাক’-এ অভিনয় করেছিলেন?
বাবার ইচ্ছাপূরণের জন্য করেছিলাম। আমি বাংলা থেকে যতটা বিচ্ছিন্নভাবে বড় হয়েছি, আমার মা-ও ঠিক ততটাই দূরে ছিলেন বাংলা সংস্কৃতি, সাহিত্য, শিল্প থেকে। আমি যতটা প্রবাসী বাঙালি, আমার মা-ও ঠিক তাই। কিন্তু আমার বাবা মনেপ্রাণে একজন বাঙালি। তাঁর সবকিছুর সঙ্গেই কলকাতা জড়িয়ে। তিনি ২৬ বছর ভারতীয় বিমানবাহিনীতে কর্মরত ছিলেন, এ জন্য তাঁকে কলকাতা থেকে দূরে থাকতে হতো। কিন্তু বাঙালিয়ানায় তিনি আচ্ছন্ন থাকতেন সব সময়। যখনই বাবা বাড়ি ফিরতেন, আমরা কথা বলতাম বাংলায়, বাংলা শিল্প-সাহিত্য নিয়ে। রবিঠাকুরের গান, কবিতা, গল্প, উপন্যাস—এসবই তখন আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠত। কারণ, তিনি চাইতেন আমরা যেন সব সময় আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকি। আমি অভিনয়ে নাম লেখানোর পর থেকেই বাবা একটাই আফসোস করতেন, আমি কেন বাংলা ছবি করি না? যখন সৃজিতের বাংলা ছবির প্রস্তাবটি এল, তখন বাবা বললেন, ‘তোর কাছে কখনো আর কিছু চাইব না। বলব না সিনেমা কর, সিনেমা কর। শুধু এই ছবিটা করে নে।’ আমি তখন বললাম, চিন্তা করো না, আমি ডেফিনিটলি করব। ছবিটা করার পর এর দুটি প্রিমিয়ার (কলকাতা ও মুম্বাই) শোতেই বাবা আমার পাশে বসে ছবিটা চোখে জল নিয়ে দেখলেন। তাঁর সে কী গর্ব, তাঁর মেয়ে বাংলা সিনেমা করেছে!
আপনার দুই মেয়ে রেনে ও আলিশারও কি বাংলার প্রতি এমন টান আছে?
হুম। আমার বড় মেয়ে রেনে; ওর বয়স এবার ১৬ হলো, সে ভালো বাংলা বলতে ও বাংলায় দারুণ গাইতে পারে। সে দেখতে যা সুন্দরী হয়েছে না! কোঁকড়ানো চুল, টানা চোখ। আমি তো ওকে অনুকরণ করেই চুলের স্টাইল এমন করেছি। কিন্তু রেনে ১০ বছর বয়স থেকেই বড় হবে না বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আর আমার ছোট মেয়ে আলিশা; ওর বয়স ৬, কিন্তু সে আচরণ করে ৮০ বছরের বুড়ির মতো। সেও বাংলা বলে। আসলে আমার বাবা তাদের পেছনে লেগে থেকে তাদের বাংলা শিখিয়েছে। বাবার কাছে তারা কিছু চাইলেই তিনি বলেন, ‘বাংলায় বলো, তাহলে সব পাবে।’ তখন আমার ছোট মেয়ে আমার বাবাকে বলে, ‘আমি একটু একটু জানি।’ বাবা বলেন, ‘একটু একটু জানলে সবকিছুই একটু একটু পাবে। বেশি বেশি বাংলা জানলে সবকিছুই বেশি বেশি করে দেব।’ এই তাগিদেই আমার দুই মেয়ে একেবারে শুদ্ধ বাংলা শিখছে। কিন্তু তারা এই বাংলা শুধু আমার বাবা-মায়ের সঙ্গেই বলে, আমার সঙ্গে বাংলা বলে না।