বাসায় বলেছি পাত্র দেখতে: নাবিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাবিলা
নাবিলা

নাবিলা এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও উপস্থাপক। সম্প্রতি আরটিভিতে এক্সট্রা অর্ডিনারি ব্রাইডাল সিজন নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করেছেন তিনি। পেশাগত জীবন ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।

এক্সট্রা অর্ডিনারি ব্রাইডাল সিজন অনুষ্ঠান উপস্থাপনা করতে কেমন লাগছে?
ভালো লাগছে। একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। অনুষ্ঠানে নব তারকা দম্পতিরা তাঁদের বিয়ের অভিজ্ঞতার কথা বলছেন। এতে করে আমি নিজেও অনেক কিছু শিখছি। সব মিলিয়ে কাজটি অনেক উপভোগ করছি।

আপনি বিয়ে করছেন কবে?
খুব শিগগির। আমি নিজের মন অনুযায়ী চলি। আমার মনে হয়েছে, বিয়ে করার এখন উপযুক্ত সময়। তাই বাসায় বলেছি পাত্র দেখতে।

কেমন পাত্র চাই?
এক কথায় ভালো মানুষ হতে হবে। আমার ভালো বন্ধু হবে এবং অবশ্যই অনেক কথা বলতে জানতে হবে। কারণ আমি কথা বলতে অনেক পছন্দ করি।

মিডিয়ায় অনেকেই উপস্থাপনা ও মডেলিং দিয়ে কাজ শুরু করে পরবর্তী সময়ে অভিনয়ে নিয়মিত হচ্ছেন। কিন্তু আপনি কেন অভিনয় করছেন না?
এর পেছনে একমাত্র জোরালো কারণ হলো বাংলাদেশে উপস্থাপনা পেশায় শূন্যতা রয়েছে। তাই এখানেই আমি নিয়মিত হতে চাই। আর এই জায়গাটা অনেকটাই অবহেলিত। এ কারণে অনেকে দ্রুত তারকাখ্যাতি পাওয়ার জন্য অভিনয়ে চলে আসেন। কিন্তু অভিনয়ে আমার আগ্রহ কম। আর এটা অনেক পরিশ্রমের কাজ। আমার ভালো লাগার কাজ হলো উপস্থাপনা। আমি মডেলিংও কম করি। ভালো ব্র্যান্ড ছাড়া কাজ করি না।


বাংলাদেশে উপস্থাপনা পেশা হিসেবে নেওয়ার সুযোগ কতটা বলে আপনি মনে করেন?
আমি পেশা হিসেবে নিয়েছি। আগে হয়তো এটা সম্ভব ছিল না, কিন্তু এখন যে কেউ উপস্থাপনা পেশা হিসেবেও নিতে পারে। কারণ অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আমি উপস্থাপনা না করলে হয়তো শিক্ষক হতাম।

আপনার প্রিয় উপস্থাপক?

ভারতের মিনি মাথুর আর বাংলাদেশের ফারজানা ব্রাউনিয়া ও সজল। ছোটবেলায় সজলের উপস্থাপনার অনেক ভক্ত ছিলাম। অনেক ভালো উপস্থাপনা করেন তিনি।

লাইভ উপস্থাপনা করতে কেমন লাগে?

আমার শুরুটাই হয়েছিল লাইভ উপস্থাপনা করে। এখানে অনেক কথা বলার স্বাধীনতা থাকে এবং কোনো এডিটিং হয় না। তাই ভালোই লাগে।

শুটিংয়ের অবসরে আপনি কী করেন?

সাধারণত ফেসবুকে সময় কাটাই এবং সহকর্মীদের সঙ্গে আড্ডা দিই।

আপনার ভবিষ্যৎ​ পরিকল্পনা কী?

আমি আসলে পরিকল্পনা করে চলতে পারি না। উপস্থাপনা করে যেতে চাই এবং সুখে-শান্তিতে বেঁচে থাকতে চাই।