বিচ্ছেদ হলেও তাঁর সঙ্গে অন্য সম্পর্ক থাকতেই পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন আলোচনায় নেই অভিনেত্রী নোভা। নাটকেও তাঁকে সেভাবে দেখা যায় না। পর্দার বাইরে এখন বেশি সময় দেন এই অভিনেত্রী। চাকরি করেন একটি বিজ্ঞাপনী সংস্থায়। কাজের ফাঁকে মাঝেমধ্যে নাটকে অভিনয় করেন। এবার প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছে তিনি। অভিনয়, কাজ ও বর্তমান ব্যস্ততা নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।
নোভা
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

কোথায় আপনি?

এই তো রাস্তায়। অফিসের কাজে বাইরে ছিলাম। এখন অফিসে ফিরছি।

প্রশ্ন :

নিয়মিত নাটকে দেখা যায় না আপনাকে। চাকরিই করছেন শুধু?

হ্যাঁ, এখন চাকরিটাই নিয়মিত করছি। নাটক খুব কম করা হয়। বলতে পারেন এখন চাকরিই পেশা, নাটক শখের বশে করি।

নোভা
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

চাকরি পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত কবে নিলেন?

আমার অভিনয়জীবনের প্রায় ১৬ বছর হলো। নাটকের স্বর্ণযুগ দেখেছি। গুণী সহশিল্পী ও পরিচালকের সঙ্গে কাজের সুযোগ হয়েছে আমার। সেই সময় এক ঘণ্টার নাটক চার-পাঁচ দিন শুটিং করেছি। আজ থেকে চার কি পাঁচ বছর আগে থেকেই টেলিভিশন নাটকের দৃশ্যপট পাল্টে যেতে থাকে। একটা সময় এসে দেখলাম, এক দিনে ২০টি দৃশ্যও করতে হচ্ছে। এতে নাটকের মান হারাতে থাকল। মনে প্রশ্ন জাগল, তাহলে নাটক কি আর শিল্প থাকছে না? জীবিকার কারণে পছন্দের বিরুদ্ধে যেকোনো নাটকেই কাজ করেছি তখন। কিন্তু একটি সময় এসে আর পারিনি। তখন থেকেই পছন্দের বাইরে আর কাজ করিনি। চাকরিতে যোগ দিই।

নোভা
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

চাকরি কেমন উপভোগ করছেন?

প্রায় চার বছর ধরে চাকরি করছি। যেখানে কাজ করছি, সেটি আমাদের বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত। ফলে অনেকটাই উপভোগ করছি। তবে এখানকার কাজ চ্যালেঞ্জিং।

প্রশ্ন :

এখনো যে অনিয়মিতভাবে কিছু নাটকে অভিনয় করছেন, অফিসে সমস্যা হয় না?

না। যেহেতু অভিনয় কম করি, এ জন্য সমস্যা হয় না। মাঝেমধ্যে দু-একটি নাটকে কাজ করি। এ ব্যাপারে অফিসই আমাকে সহযোগিতা করে।

প্রশ্ন :

সম্প্রতি কোনো নাটকে কাজ করছেন?

করোনাভাইরাসের ঠিক আগে এক ঘণ্টার একটি নাটকে অভিনয় করেছি। আমার বিপরীতে ছিলেন অপূর্ব। এরপর আফসানা মিমির একটি নতুন ধারাবাহিকে একটি চরিত্রে অভিনয় করছি। আমার অংশের এক দিনের শুটিং হয়েছে। সামনে আরও শুটিং হবে।

প্রশ্ন :

নাটকে আর নিয়মিত ফিরবেন না?

নিয়মিত কিংবা অনিয়মিত বিষয় নয়। অভিনয়ই আমার প্রথম প্রেম। ভালো নাটকের কাজ পেলেই করব। সেটা মাসে একটি হোক কিংবা চারটি। অভিনয় থেকে বিলীন হয়ে যাব, এটা কোনো দিনই ভাবিনি, ভাববও না।

প্রশ্ন :

শুনলাম চলচ্চিত্রে অভিনয় করবেন?

হ্যাঁ। ছবির নাম ‘মৃধা বনাম মৃধা’। রচনা ও চিত্রনাট্য রায়হান খানের। পরিচালনা করবেন রনি ভৌমিক। চলচ্চিত্রে আামার প্রথম কাজ হবে এটি। এরই মধ্যে আমার ‘লুক’ টেস্ট হয়েছে। চিত্রনাট্য নিয়ে অনুশীলনের কাজ চলছে। আগামী মাসের শুরুর দিকে আমার অংশের শুটিং শুরু হওয়ার কথা। আমার চরিত্রের নাম ঐশী।

নোভা
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

আগে থেকেই কি চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল?

অভিনয়ের শুরু থেকেই চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন দেখতাম। সব সময় ভেবেছি, দর্শকের মনে দাগ কেটে যাওয়ার মতো হবে আমার প্রথম ছবি। কিন্তু ব্যাটে–বলে মেলেনি এত দিন। এবার সেই সুযোগ হয়েছে। এই ছবির গল্প শুনেই একবাক্যে রাজি হয়েছি। এমন গল্পের জন্যই যেন দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম।

নোভা
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

নির্মাতা রায়হান খানের সঙ্গে আপনার বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগেই। এখনো তাঁর সঙ্গে আপনার সর্ম্পক আছে...

২০১১ সালে আমাদের বিয়ে হয়। বিচ্ছেদ হয় ২০১৭ সালে। দীর্ঘ সময় আমরা দুজন এক ছাদের নিচে বসবাস করেছি। যেকোনো কারণে হোক, আমাদের বৈবাহিক জীবনের সম্পর্ক ছিন্ন হয়েছে। কিন্তু বৈবাহিক সম্পর্ক শেষ হলেও ওই মানুষগুলোর সঙ্গে অন্য সম্পর্ক থাকতেই পারে। আমাদের দুজনের ক্ষেত্রে তাই হয়েছে। পেশাগত সম্পর্ক ছিন্ন হয়নি দুজনের। রায়হান খান একজন মেধাবী গল্প লেখক, চিত্রনাট্যকার ও নির্মাতা। তাঁর ওই জায়গাকে প্রচণ্ড সম্মান করি আমি।

নোভা
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

নতুন করে আবার সংসার করবেন কবে?

এখন পর্যন্ত ইচ্ছা নেই। আমি খুবই ভালো আছি, আরামে আছি। মনোযোগ দিয়ে কাজ করতে পারছি, নিজেকে সময় দিতে পারছি।