বিষয়টি আমার আর রেহানের মধ্যেই থাকুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ–এর নতুন গানের ভিডিও। শফিক তুহিনের লেখা ‘মিথ্যে নয়’ শিরোনামের গানের ভিডিওটি আজ রাতে ধ্রুব মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। এরই মধ্যে স্ত্রী রেহানের সঙ্গে হাবিব তাঁর পাঁচ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন। এসব বিষয় নিয়ে কথা বলেছেন এই সংগীতশিল্পী।
নতুন গানের ভিডিও নিয়ে কী বলবেন?
এই গানের ভিডিওটি আমার জন্য নতুন চ্যালেঞ্জ। কাজটি করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। এখানে আমি অভিনয় করেছি। ভিডিওটির মধ্য দিয়ে দর্শকেরা এক ভিন্ন হাবিবকে খুঁজে পাবেন। সত্যি কথা বলতে কি, কাজটি খুব উৎসাহ নিয়ে করেছি।
একজন সংগীতশিল্পী হয়ে অভিনয় করতে কেমন লাগল?
পরিচালক শাহরিয়ার পলকের কাজে আমি মুগ্ধ। তিনিই গানের এই গল্পে আমাকে দিয়ে অভিনয়টা বের করে এনেছেন। যেহেতু এ ধরনের কাজ আমার জন্য নতুন অভিজ্ঞতা, তাই আমাকে দিয়ে যা করানো হয়েছে, তার শতভাগ কৃতিত্ব পরিচালকের। গানটি একটি গল্পের মধ্য দিয়ে যায়—একটি ছেলে ও মেয়ের গল্প। গানের গল্পের মধ্যে ভালোবাসা হারিয়ে ফেলার একটা ব্যাপার আছে।
স্ত্রী রেহানের সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে...
গত ১৯ জানুয়ারি আমাদের বিচ্ছেদ হয়েছে। আমাদের দুজনের সমঝোতার মধ্য দিয়েই হয়েছে। দুজন মানুষের সম্পর্কে টানাপোড়েনের ঘটনা নতুন কিছু নয়। আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। গত পাঁচ বছর আমরা একসঙ্গে ছিলাম। একটা সময় এসে আস্তে আস্তে বুঝতে পারি, দুজনের লাইফস্টাইল ভিন্ন। একপর্যায়ে আমরা দুজনই উপলব্ধি করি, আলাদা হয়ে যাওয়াটাই শান্তিপূর্ণ জীবনের জন্য উত্তম সমাধান। বিষয়টি আমাদের জন্য দুঃখজনক, দুর্ভাগ্যজনক।
কেন এই বিচ্ছেদ?
এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত ব্যাপার। বিষয়টি আমার আর রেহানের মধ্যেই থাকুক। দেখুন, দুজন মানুষের মধ্যে কিছু কিছু বিষয়ে ভালো লাগা, ভালোবাসা কাজ করে। আবার কিছু বিষয়ের সমাধান হয় না। তেমন কিছুই আমাদের মধ্যে হয়েছে। এ কারণে আলাদা হয়ে গেছি। তবে আমাদের সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে, তার মানসিক বিকাশের কথা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমি চাইব, সব সময় আমার ও রেহানের মধ্যে সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।