বিয়ের পরে নাচ ছেড়ে দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনু হক l ছবি: হাসান রাজা
মিনু হক l ছবি: হাসান রাজা

চলছে দেশব্যাপী বয়স ও বিষয়ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা। শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি ভবনে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় লড়ছে সারা দেশ থেকে আসা নানা বয়সী নৃত্যশিল্পীরা। শিল্পকলা একাডেমির সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজক সংগঠন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক জানালেন ভবিষ্যতের নৃত্যশিল্পীদের নিয়ে তাঁর স্বপ্নের কথা।

এত শিশুকে একসঙ্গে পেয়ে কেমন লাগছে?
এত বাচ্চা, সঙ্গে তাদের মা-খালা-বাবা—এমন উৎসবের পরিবেশ কার না ভালো লাগে। বাবা-মায়েদের কাছে আমি কৃতজ্ঞ যে এভাবে তাঁরা সন্তানদের নাচ শেখাচ্ছেন। এত এত জেলা থেকে তারা এসেছে। এভাবে চলতে থাকলে মৌলবাদ বলে কিছু থাকবে না। 

এদের নিয়ে আপনার কোনো স্বপ্ন আছে?

তারা পড়াশোনার পাশাপাশি নাচ করবে এবং বিয়ের পরে নাচ ছেড়ে দেবে না—এটাই আমার স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য বিভাগ খুলেছে, সেখানে পড়বে; পরে পড়াবে। নাচ করে এখনো রোজগারের ব্যবস্থা করা মুশকিল। কিন্তু নাচ তাদের ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করবে।

এখনকার নাচের শিক্ষার্থীরা কেমন করছে?

ঢাকার বাইরের ছেলেমেয়েরা এত ভালো নাচ করছে যে বলে বোঝানো যাবে না। বাংলাদেশটা আর আগের মতো নেই। আমাদের সংস্থার মাধ্যমে সারা দেশের নাচের শিক্ষার্থীদের খবর পাচ্ছি যে, তারা কতটা সক্রিয় ও স্বতঃস্ফূর্ত।

এই প্রতিযোগিতার শুরুটা কীভাবে হলো?

৩ অক্টোবর থেকে প্রতিটি জেলা সদরে শুরু হয় প্রাথমিক বাছাই। প্রতিটি বিষয়ে তিনজন করে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামী সোমবার প্রতিযোগিতার চূড়ান্ত ফল ও সনদ দেওয়া হবে।