
আজ সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখানো হবে লন্ডনের নাট্যদল ‘থিয়েটার ফোকস’-এর প্রযোজনা যমুনা। এ নাটকে উঠে এসেছে ১৯৭১-এর বীরাঙ্গনা নারীর কাহিনি। নাটকটি লিখেছেন ও যমুনা চরিত্রে অভিনয় করেছেন সেলিনা শেলী। কথা হলো তাঁর সঙ্গে...
‘ যমুনা’ নিয়ে এক টুকরো...
কর্মসূত্রে আমি এখন লন্ডনে বসবাস করলেও দেশে থাকতে জড়িত ছিলাম দেশ নাটকের সঙ্গে। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক যমুনা লন্ডনে ইংরেজি ভাষায় প্রথম করেছিলাম ২০১২ সালে, থিয়েটার ফোকসের প্রযোজনা ও আলী হায়দারের নির্দেশনায়। তবে নাটকটি বর্তমানে ইংরেজিতে মঞ্চস্থ হলেও এটি প্রথমে লিখেছিলাম বাংলায়। যখন আমরা লন্ডনের অক্সফোর্ড প্লে হাউস, বার্মিংহামসহ বিভিন্ন স্থানে এটি মঞ্চস্থ করেছি, প্রচুর সাড়া পেয়েছি। এ নাটকে যমুনা চরিত্রের মধ্য দিয়ে উঠে এসেছে মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা নারীদের লড়াই ও শক্তি। আমি এখানে যমুনা চরিত্রে অভিনয় করছি।
এলেম বাংলাদেশে...
যমুনা প্রযোজনাটি নিয়ে বাংলাদেশে আসার ইচ্ছা আমাদের অনেক দিনের। অবশেষে সুযোগ ঘটল-এ মাসের ৯ থেকে ১২ তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল ও শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে বেশ কয়েকটি প্রদর্শনী হলো যমুনার। এখানেও প্রচুর সাড়া পেয়েছি আমরা।
এখানে নাটকটি দেখেই তো মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য মফিদুল হক এটি মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করলেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে যমুনার আরেকটি প্রদর্শনী হবে।
সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ