বেশির ভাগ গল্পই পছন্দ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী

আজ থেকে এনটিভিতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক পোস্ট গ্র্যাজুয়েট। গতকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এ ধারাবাহিকের উদ্বোধনী প্রদর্শনী হয়। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। নাটকের বিভিন্ন দিক নিয়ে কথা হলো চঞ্চলের সঙ্গে

‘পোস্ট গ্র্যাজুয়েট’-এর গল্পটা কেমন?
পুরো গল্পের ব্যাপারে পরিচালক ভালো বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি, নাটকটি বেশ হাস্যরসাত্মক। নাটকের পোস্ট গ্র্যাজুয়েটের চরিত্রে আমি অভিনয় করেছি। আমি বিজ্ঞাপনী সংস্থার এক আইডিয়াবাজ। আমার এক ভাগনে আছে। সেই চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান। অফিসে আরও সহকর্মী আছেন।

আপনি তো এর আগেও হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করেছেন। সেগুলো থেকে এটার পার্থক্য কী?
নামের দিক থেকে একটা পার্থক্য আছে। আর চ্যানেল থেকে হাস্যরসাত্মক নাটকের জন্য বলা হয়। এ কারণেই নির্মাতারা এই ধরনের নাটক নির্মাণে আগ্রহী হন। তবে এ রকম চরিত্র আগে করিনি।

এখন কি নিয়মিত নাটক করছেন?
না। মাসে ১৫ থেকে ২০ দিন শুটিং করি। খুব বেছে কাজ করি। বেশির ভাগ গল্পই পছন্দ হয় না। সব একই মনে হয়। আর চ্যানেলগুলোয় যেন হাসির নাটক বানানোর প্রতিযোগিতা চলছে। আসলে যে অর্থে নাটক করি, সে অর্থে ভালো চিত্রনাট্য খুব কম পাই।

১৫-২০ দিন যে নাটকগুলোয় শুটিং করেন, সেগুলো কি ভালো নাটক?
এগুলো মন্দের মধ্যে ভালো। আর এটা তো আমার পেশা। চাইলেও ছাড়তে পারব না।

ভালো নাটক যে হচ্ছে না বলছেন, এর মূল সমস্যা কী?
মূল সমস্যা হলো ভালো গল্প ও চিত্রনাট্যের অভাব। এখন বেশির ভাগ নাটকই হয় চিত্রনাট্য ছাড়া। চিত্রনাট্য ছাড়া তো ভালো কাজ হওয়া সম্ভব না।

‘পোস্ট গ্র্যাজুয়েট’-এ কি চিত্রনাট্য পেয়েছিলেন?
পোস্ট গ্র্যাজুয়েট-এর নির্মাতার কাজের একটা ধরন (স্টাইল) আছে। সেভাবেই কাজ হয়েছে। কিছু লিখেছেন, কিছু ইম্প্রোভাইজেশন করতে হয়েছে। পুরো চিত্রনাট্য হয়তো থাকে না। একটা দৃশ্য হয়তো লেখা থাকে, পরে আমরা রিহার্সাল করে ঠিকঠাক করে নিই। এর মধ্যে নিজেদের কিছু আউটপুটও দিতে হয়েছে।
নতুন চলচ্চিত্রে আপনাকে কবে দেখা যাবে?
সিনেমার প্রস্তাব নিয়মিত আসছে। কিন্তু ব্যাটে-বলে মিলছে না। তাই এখন কিছুই বলা যাচ্ছে না।