ব্যস্ত মানে! শুটিংয়ে আছি: সাবেরী আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সাবেরী আলম
সাবেরী আলম
নাটক, সিনেমা, টেলিছবি নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছেন অভিনেত্রী সাবেরী আলম। সম্প্রতি শেষ করেছেন এক পর্বের নাটক ‘মরণরে তুঁহুঁ মম’। অভিনয় করছেন ‘রাজনীতি’ ছবিতে শাকিব ও মিলনের মায়ের চরিত্রে। শুটিংয়ের ফাঁকে কথা বলেছেন তাঁর ব্যস্ত সময়ের কাজগুলো নিয়ে।


ব্যস্ত নাকি? অনেক শব্দ শোনা যাচ্ছে যে!
ব্যস্ত মানে! শুটিংয়ে আছি। খুব ছোট একটা ব্রেক চলছে। যেকোনো সময় ডাক পড়বে। শুটিং স্পটের শব্দ শুনতে পাচ্ছেন।
কীসের শুটিং?
সিনেমার। ‘রাজনীতি’ ছবির দুই নায়ক শাকিব আর মিলনের মা আমি। আর এই দুজনের বাবা আলী যাকের। ছবিতে আমরা পুরোনো ঢাকার একটি বনেদি পরিবার। কিন্তু এখন থাকি গুলশানে। এই হচ্ছে ছবির গল্প। বাকিটা বলা যাবে না।
আলী যাকেরের সঙ্গে কাজ করেছেন আগে?
তাঁর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে অভিনয় আমার অভিনয়জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। অনেক বড় অভিনেতা তিনি। তিনিসহ এই ইউনিটের সবাই খুবই সহযোগিতা করছেন। পরিচালকের সঙ্গে আগেও কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু এখানকার পরিবেশটা একেবারেই ব্যতিক্রম।

সম্প্রতি এ রকম আর কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে?
সম্প্রতি শুটিং শেষ হলো ‘মরণরে তুঁহুঁ মম’ নাটকের। সেই নাটকে মাত্র দুটি চরিত্র। একটি আমার অন্যটি তারিক আনাম খানের। আমার সৌভাগ্য যে, তারিক ভাইয়ের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছি। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। এত বড় একটি নাটকের দলের প্রধান, শক্তিমান অভিনেতা; অথচ কাজ করার সময় সেসব বোঝাই যায় না। তাঁর থেকে অনেক কিছু শেখার আছে। কাজ করতে গিয়ে দেখি, এত হেল্পফুল তিনি, বলে বোঝানো যাবে না।
নতুন আর কোন কাজ হাতে এখন?
অনেক কাজ। বেশ কিছু নাটকের কাজ আছে হাতে। ‘তীরন্দাজ’, ‘মেঘের পরে মেঘ’ ‘আপন নিবাস’। একটা টেলিছবিতেও কাজ করার কথা রয়েছে। নতুন একটা টেলিভিশনের জন্যও অনুষ্ঠান করতে হবে।

সাক্ষাৎকার: রাসেল মাহ্‌মুদ