বড় বাজেটের সিনেমা বানানোর পরিবেশ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরুণা বিশ্বাস
ফেসবুক থেকে
দুই বছর পর পরিচালনায় ফিরেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। পাশাপাশি অভিনয়ও করেছেন সেখানে। প্রায় ১০ মাস পর নতুন স্বাভাবিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। অভিনয়, পরিচালনা ও ব্যক্তিজীবন নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বললেন তিনি।

প্রশ্ন :

কত দিন পর পরিচালনায় ফিরলেন?

দুই বছর হবে। শেষ পরিচালনা করেছি ’একজন জয়নব বিবি’ নামের একটি নাটক। এবার একসঙ্গে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করলাম। ’এক আধলা আগুন’ বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত, অন্যটি ’ঠিকানা ৩২’। এ মাসের শেষ দিকে ছবি দুটি টেলিভিশনে প্রচারিত হওয়ার সম্ভাবনা আছে।

প্রশ্ন :

ছবি দুটির গল্প কেমন?

দুটি ছবির গল্পই মুক্তিযুদ্ধনির্ভর। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে কাজ করতে গেলে নিজের মধ্যে অন্য রকমের আবেগ তৈরি হয়। কাজের গতি বেড়ে যায়। এই দুটি কাজ করতে গিয়ে এই অনুভূতি হয়েছিল। ভালো কাজ করার চেষ্টা করেছি। মুক্তি পাওয়ার পর কাজ দুটি দর্শকের ভালো লাগলেই সার্থক হব।

প্রশ্ন :

অনেক দিন থেকেই আপনার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করার কথা শুনছি...

ইচ্ছা আছে, কিন্তু করা হয়ে উঠছে না। সত্যি বলতে, প্রযোজক পাচ্ছি না। পেশাদার প্রযোজক হারিয়ে যাচ্ছে। দুয়েকজন যাঁরা প্রযোজনা করছিলেন, তাঁরাও হাত-পা গুটিয়ে বসে আছেন। এই করোনার মধ্যে বড় বাজেটের সিনেমা বানানোর পরিবেশ নেই। তাই ছবিটি শুরু করতে আরও সময় নেব।

অরুণা বিশ্বাস।
প্রথম আলো

প্রশ্ন :

নতুন স্বাভাবিকে অভিনয় শুরু করেছেন?

করোনা সংক্রমণের আগে শান ছবিতে শেষ কাজ করেছি। নতুন স্বাভাবিকে সিনেমার কাজ খুব একটা হচ্ছে না। ’বুবুজান’ নামে একটি ছবিতে কাজ করছি। ২০ ডিসেম্বর ছবির শুটিং শুরু হওয়ার কথা। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ। ভাইবোনের সম্পর্ক নিয়ে ছবির গল্প। ছবিতে বুবুজান চরিত্রটি আমি করব। ইতিমধ্যে ছবির একটি চরিত্রের ফার্স্টলুক প্রকাশিত হয়েছে।

প্রশ্ন :

আমাদের সিনেমার চাকা সচল হচ্ছে না কেন?

করোনা সংক্রমণের আগেই আমাদের সিনেমা ঝিমিয়ে পড়েছে। ভালো গল্পের অভাব, চিত্রনাট্য তৈরিতে আগের মতো গবেষণা নেই, ভালো মানের অভিনয়শিল্পীও তৈরি হচ্ছে না। পাশাপাশি পেশাদার প্রযোজক এবং ভালো পরিচালকেরও অভাব আছে। আমি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য। সিনেমা প্রিভিউ করতে বসে বিষয়টি বারবার মনে হয়েছে। আবার যেসব ভালো মানের পরিচালক আছেন, তাঁদের অনেকেই ছবি নির্মাণ করছেন না। ছবি তৈরির উপযুক্ত বাজেট পাচ্ছেন না তাঁরা। সবকিছু মিলে সিনেমার আকাশে মেঘের ঘনঘটা।

ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। ছবি: সংগৃহীত

প্রশ্ন :

এর সমাধান কী?

আপাতত সমাধান দেখছি না। কারণ, সিনেমাকে যাঁরা এগিয়ে নিতে পারেন, তাঁরা স্রেফ বসে আছেন। তাঁরা দায়িত্ব নিয়ে সিনেমার এই স্থবিরতা কাটাতে এগিয়ে আসছেন না। আবার আমাদের প্রজন্মের যেসব শিল্পী আছেন, তাঁদেরও সেভাবে কাজ করতে জায়গা দেওয়া হচ্ছে না। আমাদেরও যে অভিজ্ঞতা আছে, তা কাজে লাগানো যেতে পারে, এই অঙ্গনের জ্যেষ্ঠ মানুষেরা তা বুঝতে চাইছেন না।