ঈদে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে উঠেছে ন্যান্সি ও ইমরানের দ্বৈতকণ্ঠে গাওয়া ‘ঠিক-বেঠিক’ গানের ভিডিও। স্নেহাশীষের লেখা গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন ভারতের কলকাতার টিভি অভিনয়শিল্পী জেসমিন। এই গানের ভিডিও, নিজের অন্যান্য গানসহ কীভাবে ঈদ কাটালেন, তা নিয়ে কথা বলেছেন ন্যান্সি।

ঈদ কেমন কাটল?
পরিবারের সবাইকে নিয়ে ভালোই কেটেছে। এবার ঈদের সময়টা পরিবারকে দিয়েছি। ঈদের তিন দিন ময়মনসিংহে ছিলাম। এরপর নেত্রকোনায় বাবা-মায়ের ওখানে গিয়েছিলাম। আবার ময়মনসিংহে এসেছি। আগামী শুক্রবার ঢাকায় যাওয়ার ইচ্ছা আছে।
‘ঠিক–বেঠিক’ গানের ভিডিওটির সাড়া কেমন পাচ্ছেন?
আমি ভিডিওটি দেখেছি। ভিডিওটি মানুষ দেখছে। আমার যেমন একশ্রেণির ভক্ত–দর্শক আছেন, ইমরানেরও কিছু পাগল ভক্ত আছেন, তাঁরা সবাই ইউটিউবে ভিডিওটি দেখছেন। ঈদুল ফিতরে একই চ্যানেল থেকে গানটির লিরিক ভিডিও মুক্তি পেয়েছিল। তবে এই অনলাইন পদ্ধতিতে একটি শ্রেণি গান শোনা থেকে বঞ্চিতও হচ্ছে।
সেটা কেমন?
ফেসবুক, ইউটিউবের মাধ্যমে গানের প্রসার হচ্ছে, মানলাম। কিন্তু এই মাধ্যমে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সব শ্রেণির মানুষ কি গান শোনার সুযোগ পাচ্ছে? এখানে একটি শ্রেণি, বিশেষ করে ষাটের ওপরে যাঁদের বয়স, তাঁরা তো এই পদ্ধতিতে গান শোনার সুযোগ পাচ্ছেন না। গ্রামে কয়জন মানুষ অনলাইনে গান শোনেন? অল্প কয়েকজন যাঁরা শোনেন, তাঁরা হেডফোনে নিজে নিজে শোনেন। আগে ক্যাসেট বা সিডিতে গান বাজলে আশপাশের সবাই গানটি শোনার সুযোগ পেতেন। এখন গ্রামে যান, কোথাও গান শুনতে পাবেন না। বিশ্বাস করেন, কেউ কেউ আমাকে বলেন, আপনি কি গান গাওয়া ছেড়ে দিলেন? অনলাইনে যেমন অসুবিধা আছে, তেমন আবার সুবিধাও আছে।
কোন ধরনের সুবিধা?
কোনো শিল্পী, গানের সুর, সংগীত কিংবা ভিডিও নকল করে তৈরি করলে ইউটিউবের কল্যাণে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাচ্ছে। আগে ভিনদেশি গানের সুর ও সংগীত নকল করে তৈরি করা হলেও ধরার সুযোগ ছিল না।
বেশ কিছুদিন হয়ে গেল নতুন কোনো অ্যালবাম করছেন না, কেন?
সর্বশেষ পয়লা বৈশাখে জাহিদ আকবরের লেখা, শওকত আলী ইমনের সুর ও সংগীতে শুনতে চাই তোমায় অ্যালবামটি বেরিয়েছে। এরপর অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু করিনি। সত্যি কথা বলতে কি, গান নিয়ে কিছুটা মানসিক চাপে আছি, হতাশায় ভুগছি। ভালো গান পাচ্ছি না। ভালো গান করতে চাই, যে গান মানুষ মনে রাখবে, দীর্ঘদিন শুনবে।
এই ঈদে টেলিভিশনে সরাসরি কোনো গানের অনুষ্ঠানে আপনাকে দেখা গেল না যে?
কোরবানির ঈদে আমি সাধারণত টেলিভিশনে কোনো অনুষ্ঠান করি না।
সাক্ষাৎকার: শফিক আল মামুন