
আজ মুক্তি পাচ্ছে চার অক্ষরে ভালোবাসা ছবিটি। মুহাম্মাদ জাকির খান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন নিরব। কথা হলো তাঁর সঙ্গে
অনেক দিন পর আপনার ছবি মুক্তি পাচ্ছে...
হ্যাঁ। তা প্রায় দেড় বছর পর। গত বছরের মে মাসে আমার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি তোমার মাঝে আমি। আমার বিপরীতে ছিলেন তমা মির্জা।
এত দিন পরে কেন?
এর মধ্যে নতুন কোনো ছবি মুক্তি পায়নি, তবে বেশ কিছু ছবিতে কাজ করেছি। রয়েল অনিকের গেইম, ওয়াকিল আহমেদের লাভ ইন কোরিয়া, শাহনেওয়াজ কাকলীর নদীজন, মুহাম্মাদ জাকির খানের দুটি ছবি মনের অজান্তে ও রাঙা মন।
‘চার অক্ষরে ভালোবাসা’ ছবি নিয়ে আপনার প্রত্যাশা?
অনেক ভালো। ছবি মুক্তির আগ থেকেই দর্শকের সাড়া পাচ্ছি। বুঝতে পারছি আমার ছবির জন্য দর্শকের অপেক্ষা আছে। এ ছাড়া পপির বিপরীতে আমার প্রথম কাজ, সঙ্গে ফেরদৌস ভাইও আছেন। তাঁদের দুজনেরই চলচ্চিত্রে আলাদা দর্শক আছেন। সুতরাং, সব মিলিয়ে ছবিটি ভালো চলবে।
এখন আর কী কী কাজ করছেন?
এখন কাজ চলছে আতিক রহমানের অন্তরে অন্তরে, রফিক সিকদারের ভোলা তো যায় না তারে, সাইফ চন্দনের টার্গেট, আহাম্মেদ আলী মণ্ডলের প্রবাসীর প্রেম। শিগগিরই শুটিং শুরু হবে অঞ্জন দত্তের মন বাকসো এবং মারুফ আহমেদ খানের মিশন আফ্রিকা ছবির।
সাক্ষাৎকার: শফিক আল মামুন