ভালোবাসার টানাপোড়েন চলছে

লাক্স সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় আসেন শানারেই দেবী শানু। বর্তমানে অভিনয়ের পাশাপাশি লিখছেন কবিতাও। অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে কথা হয় তাঁর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আহসান মাহমুদ
অভিনয় থেকে কি দূরে সরে যাচ্ছেন?
না, দূরে সরে যাচ্ছি না। আমি খুব বেশি মাত্রায় আবার ক্যারিয়ার নিয়ে উৎসাহী নই। আমার এটা নিয়ে স্বপ্ন ছিল, থাকবে। এখনো ভালো চরিত্রের জন্য অতৃপ্তি কাজ করে। সবাই বেশি মাত্রায় কাজ করে, আমি সেই মাত্রায় না।
নিজের অভিনয় নিয়ে কতটুকু ভাবেন?
যখন যে চরিত্র পাই, তখন সেটা নিয়েই ভাবি। কাজটা প্রচারের পর অনুভব করি যে আমাকে আরও তৈরি হতে হবে। তবে কাজের জন্য দর্শকের প্রশংসা পেলে ভালো লাগে।
টেলিভিশনে সবচেয়ে বেশি কী দেখেন ?
টেলিভিশনে সংবাদ ছাড়া অন্য কিছু দেখার সময় হয় না এখন। তবে আগে বিভিন্ন চ্যানেলে রিয়েলিটি শো বেশি দেখা হতো। এখন আসলে টেলিভিশনটাই কম দেখা হয়।
সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় এসে অভিনেত্রী হওয়ার বিষয়টা কেমন ছিল?
আমি আসলে অভিনেত্রীই হতে চেয়েছি। লাক্স সুন্দরী প্রতিযোগিতার আগে সিলেটে দর্পণ থিয়েটারের মাধ্যমে মঞ্চে অভিনয় করতাম। তবে লাক্সের প্রতিযোগিতাটা মূলধারার মিডিয়ার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে।
মিডিয়ায় না এলে কী করতেন?
তাহলেও অভিনয়শিল্পী হতাম। নাচও শিখেছি। তখন জোরালোভাবে কাজ করতাম।
গত বইমেলায় আপনার কবিতার বই প্রকাশ হয়েছে। এখন কী লিখছেন?
কবিতা লিখছি। এরই মধ্যে আগামী বইমেলার জন্য একাধিক প্রকাশক আমার সঙ্গে যোগাযোগ করেছেন।
বর্তমানে কোন নাটকে কাজ করছেন?
সোহেল আরমানের পরিচালনায় ‘জলরঙ’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এ নাটকে আমার চরিত্রের নাম মায়া। এ নাটকের সব চরিত্রের মধ্যে ভালোবাসার টানাপোড়েন চলছে। সব মিলে আমরা সবাই নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তবে এখনো ঈদের কোনো নাটকে কাজ করিনি।