ভাষা দিবসকে অবহেলা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
তৌসিফ মাহবুব l ছবি: প্রথম আলো
তৌসিফ মাহবুব l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বাংলাভিশনে প্রচারিত হবে নাটক ভাষা। এটি রচনা করেছেন শফিকুর রহমান, পরিচালনা করেছেন সাইদুর রহমান। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। কথা হলো তাঁর সঙ্গে।

‘ভাষা’ নাটকে আপনার চরিত্রটি কেমন?

আমার চরিত্রের নাম সুমন। এ সময়ে এই বয়সী সুমনদের মনের অবস্থা একই রকম। শিক্ষাজীবন শেষ করে তারা চাকরি খুঁজতে থাকে। চাকরি না পেয়ে হতাশ হয়ে বিদেশে পাড়ি দিতে চায়। তাদের কথা, দেশে থেকে কিছুই হবে না। একটা সময় সুমনের সেই ধারণা বদলে দেয় বিদেশে পড়াশোনা করে ফিরে আসা ‘ভাষা’ নামের একটি মেয়ে। ভাষা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।
কীভাবে ভাষা দিবসের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেন?
ফেব্রুয়ারি মাসের শুরু থেকে রোজ ডে, চকলেট ডে কিংবা ভ্যালেনটাইনস ডে—এসব দিবস নিয়েই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বেশি উৎসাহ দেখা যায়। কিন্তু এটি যে ভাষাসংগ্রামের মাস, শোকের মাস, তা নিয়ে তাদের মধ্যে সে ধরনের উন্মাদনা নেই। বিষয়টি আমাকে খুব কষ্ট দেয়। সব দিবসই আমরা পালন করব, কিন্তু আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষার মাসে শোক দিবসকে অবহেলা করে নয়।
আপনি নিজে দিবসটিকে কতটুকু ধারণ করেন?
দিবসটিতে ছোটবেলা থেকেই শহীদ মিনারে ফুল নিয়ে যাই। মিডিয়ার কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা একসঙ্গে শহীদ মিনারে যাব। শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব। এরপর আমাদের কার্যক্রমগুলোর ভিডিও দেব। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ে অনেকেই ফেসবুকে আমাদের অনুসরণ করেন। হয়তো কেউ দিবসটির গুরুত্ব সম্পর্কে কিছুটা হলেও বুঝবেন।
ভাষা দিবসের এই নাটক করতে গিয়ে কোনো অভিজ্ঞতা হয়নি?
দুঃখের অভিজ্ঞতা হয়েছে। শহীদ মিনারে ফুল দেওয়ার একটি দৃশ্য ছিল। কালিয়াকৈরের একটি স্কুলের শহীদ মিনারে দৃশ্যটি করেছি। সেখানে দেখলাম, শহীদ মিনারের ওপর প্রচুর ময়লা-আবর্জনা। দৃশ্যটি শেষ করার পরপরই উপস্থিত সবাই ছবি তোলার জন্য ঘিরে ধরেন। জুতা, স্যান্ডেল পরেই শহীদ মিনারে উঠে পড়েন। মনটা খারাপ হয়ে গেল। একটা পর্যায়ে সবাইকে বললাম, এটি আপনাদের গ্রাম, আপনাদের শহীদ মিনার। দয়া করে একে অসম্মান করবেন না। যদি জুতা খুলে না আসেন, তাহলে আপনাদের সঙ্গে ছবি তুলব না আমরা।
সাক্ষাৎকার: শফিক আল মামুন