>বাংলাদেশের বিদ্যা সিনহা মিম শিগগিরই ভারতের সৃজিত মুখার্জির নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন। এর আগে এই নির্মাতার সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের জয়া আহসান, ভারতের সুস্মিতা সেন, বিদ্যা বালানের মতো অভিনেত্রীরা। আগামী সপ্তাহেই শুরু হবে ‘কাকাবাবু’ সিরিজের দ্বিতীয় ছবি ইয়েতির অভিযান-এর শুটিং। ছবিটির শুটিংয়ের আগে মিম কলকাতায় একটি কর্মশালায় অংশ নিয়েছেন। সেখান থেকে মুঠোফোনে কথা হলো মিমের সঙ্গে

‘ইয়েতির অভিযান’-এর কর্মশালায় যোগ দিয়েছেন কবে?
৯ মে থেকে শুরু হয়েছে। টানা তিন দিনের কর্মশালা। ১২ মে থেকে কলকাতায় ছবির শুটিং শুরু হবে। আমার অংশের শুটিং শুরু ১৫ মে থেকে, চলবে ৩০ মে পর্যন্ত। এর পরের অংশের শুটিং সুইজারল্যান্ডে। সেখানে ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত আমার শিডিউল।
অপর্ণা সেন, সুস্মিতা সেন, বিদ্যা বালানের মতো তারকা শিল্পীরা সৃজিতের সঙ্গে কাজ করেছেন। এই আলোচিত পরিচালকের সঙ্গে কাজের আগে কেমন লাগছে?
এত বড় মাপের একজন পরিচালকের সঙ্গে কাজ করব, এটা ভেবেই চিত্রনাট্য আগেভাগে মুখস্থ করে ফেলেছি। তারপরও ভয় ভয় লাগছে। কর্মশালা করতে এসে টের পাচ্ছি। কর্মশালার মধ্যে সহকারী পরিচালকদের সামনে খুব ভালো কাজ হচ্ছে। যখনই পরিচালক সামনে আসছেন, তখন আর ভালোভাবে সংলাপ বলতে পারছি না। সংলাপগুলো ভুলে যাচ্ছি। আমার মনে হয়, পরিচালকের সামনে বেশি সিরিয়াস হয়ে যাওয়ায় এমনটা হচ্ছে।
শোনা যাচ্ছে ‘ইয়েতির অভিযান’ ছবিতে আপনার চরিত্রটি নেতিবাচক। সত্যি?
সেটা এখনই বলতে চাই না। তবে এমন চরিত্রে আগে কখনোই কাজ করিনি, এটা বলতে পারি। চরিত্রটি বেশ মজার।
কলকাতার আরেক আলোচিত পরিচালক রবি কিনাগির ‘ওলট-পালট’ ছবিতেও নাকি অভিনয় করছেন?
ওই ছবিতে বেশ আগে চুক্তিবদ্ধ হয়েছিলাম। ২৩ মে থেকে কলকাতায় সেই ছবির শুটিংও করার কথা। সেই ছবিতে বাংলাদেশ থেকে আরিফিন শুভ, রোশান, পিয়া বিপাশাও থাকছেন। আর কলকাতা থেকে থাকছেন সোহম, যিশু ও শুভশ্রী।
প্রতিবছর ঈদের বিশেষ নাটকে অভিনয় করেন আপনি। এবারও দেখা যাবে নিশ্চয়ই?
হ্যাঁ, এবারও ঈদে আমার নাটক থাকছে। তবে একটার বেশি করছি না। নাটকের শুটিং শেষ। নাটকটির নাম সে সময়ে তুমি আমি। আমি অভিনয় করেছি তাহসান ভাইয়ের সঙ্গে। আপেল মাহমুদের গল্প থেকে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ। এটি চ্যানেল আইয়ে ঈদে দেখানো হবে।