মঞ্চ আমার জীবনের অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যোতি সিনহা
জ্যোতি সিনহা

নাট্যদল আরণ্যকের ৪৫ বছর পূর্তি উৎসবে গত শুক্রবার ‘দীপু স্মৃতি পদক ২০১৭’ পেলেন অভিনেত্রী জ্যোতি সিনহা। ২১ বছর ধরে মঞ্চে কাজ করছেন জ্যোতি। সম্ভাবনাময় শিল্পী হিসেবে সংস্কৃতি মহলে তাঁর খ্যাতি আছে। পদক পাওয়ার পর সংস্কৃতি বিষয়ে কথা হয় তাঁর সঙ্গে।

পদক পেয়ে কেমন লাগছে?
মনে হয়, এই তো সবে শুরু, আরও কাজ করতে হবে।
শিল্পের প্রতি দায়বদ্ধতা কমে যায়? মানে পদকটাই কাজের চেয়ে বড় হয়ে যায় কি না?
২১ বছর ধরে তো কাজ করছি। এ সময়ে পদক পেলে মনে হয়, এটা এত বছর কাজ করার ফল। তাতে সামনে আরও কাজ করার উৎসাহ আসে। আজ থেকেই শুরু হচ্ছে আমাদের নতুন নাটকের কাজ। কাজেই তো আছি।
নতুন নাটক?
হ্যাঁ, মঞ্চনাটক। রেপাটরি থিয়েটারের। এখন এ নিয়ে বিস্তারিত বলতে চাই না। পয়লা ফাল্গুনে জন্ম নেবে আমাদের নতুন নটক।
পয়লা ফাল্গুন কেন?
ফাল্গুন বসন্তের মাস। বসন্তের মতো সুন্দর হবে আমাদের যাত্রা।
টেলিভিশন-চলচ্চিত্রে অভিনয়ের কথা ভাবেন?
কাজ করার আগ্রহ আছে। তবে গতানুগতিক ধারার কাজে মন টানে না। মঞ্চেই আমার কাজ বেশি। মঞ্চ আমার জীবনের অংশ। আজীবন মঞ্চে কাজ করব। মঞ্চনাটকে দর্শকের সঙ্গে মিথস্ক্রিয়া হয়, যা অতুলনীয়। টেলিভিশনে অল্প কিছু কাজ করেছি। চলচ্চিত্রে কাজ করার চিন্তাভাবনা আছে।
হঠাৎ সিনেমায় অভিনয়ের কথা ভাবছেন কেন?
সিনেমায় অভিনয়ের একটা রোমাঞ্চ তো আছে। মঞ্চনাটক যখন করি, তখন হয়তো একেক মঞ্চায়নে ২০০ থেকে ৩০০ মানুষের কাছে পৌঁছাতে পারি। এই তো কিছুদিন আগে রিজওয়ান নাটকটা হয়ে গেল। কথা ছিল ১৯টা প্রদর্শনী হবে। তা-ই হলো। এরপর কিন্তু আর প্রদর্শনী হবে না। যাঁরা দেখেছেন, সেসব দর্শকের হৃদয়েই শুধু নাটকটা স্থান করে নেবে। ইতিহাস ঘাঁটলে শুধু মুখের কথা হিসেবে থাকবে এটি। কিন্তু সিনেমা তো টিকে থাকে। সিনেমা আমাদের কাজের ইতিহাস বহন করবে। চলচ্চিত্রে ভালো কাজের অফার পেলে করব।
শিল্পী হিসেবে আপনার উঠে আসার ক্ষেত্রে শুভাশিস সিনহা তো বড় অনুপ্রেরণা...
তাঁর অনুপ্রেরণাতেই কাজ করা। তাঁর দলেই প্রথম কাজ। এখনো কাজ করছি। জীবনাদর্শ, জীবনের দার্শনিক ভিত্তি পেয়েছি শুভাশিস সিনহার কাছ থেকেই। তিনিই আমার শিক্ষাগুরু। শুভাশিসকে নাট্যগুরু সেলিম আল দীন বলেছিলেন, ‘অঞ্চলে থাকিস, কিন্তু কখনো আঞ্চলিক হয়ে থাকিসনে।’ শুভাশিস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ফিরে গেছেন নিজের অঞ্চলে। কিন্তু প্রযুক্তির সঙ্গে সম্পর্ক ছাড়েননি। তাই আমরা সমসাময়িক ধারার সঙ্গে থাকতে পেরেছি।
নিজের অভিনয়ের বাইরে কোন নাটকগুলো ভালো লাগে?
থিয়েটার আর্ট ইউনিটের গোলাপজান, কোর্ট মার্শাল, আরণ্যকের রাঢ়াঙ, থিয়েটারের মুক্তি, ঢাকা থিয়েটারের বিনোদিনী, ধাবমান, লোকনাট্যদলের সোনাই মাধব। এ রকম বেশ কিছু নাটক।
সাক্ষাৎকার: জাহীদ রেজা নূর