বাংলাদেশের অভিনয়জগতে উজ্জ্বল এক নক্ষত্র তিনি। অভিনেত্রী হিসেবে পাড়ি দিয়েছেন সাফল্যের দীর্ঘ পথ। ফেরদৌসী মজুমদার কথা বললেন তাঁর নারী দিবসের ভাবনা, মঞ্চনাটকসহ নানা বিষয় নিয়ে।

বাংলাদেশের প্রেক্ষাপটে নারী দিবসে আপনার প্রত্যাশা কী?
আপাতদৃষ্টিতে নারী অনেকখানি এগিয়েছে। কিন্তু আবার অনেকখানি এগোয়নি। চারপাশ দেখে এখনো মনে হয়, নারী অনেক কিছুই মুখ ফুটে বলতে চায় না।
আবদুল্লাহ আল–মামুনের লেখা একটি টিভি নাটকে কাজ করেছেন...
মাস খানেক আগে নাটকটির শুটিং করেছি। তাহাদের যৌবনকাল নামের এই নাটকটি লিখেছেন আবদুল্লাহ আল–মামুন। খুব সম্ভবত এটি তাঁর লেখা শেষ টিভি নাটক। নাটকটির পরিচালক তাঁরই দীর্ঘদিনের সহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন। আমি সাধারণত ধারাবাহিক নাটকে অভিনয় করতে আগ্রহী না। শুধু মামুন ভাই লিখেছেন বলেই এই নাটকে অভিনয় করেছি।
ধারাবাহিক নাটকে অভিনয়ে তেমন আগ্রহী নন কেন?
ধারাবাহিক নাটকে কাজ করতে গেলে অনেক সময় দিতে হয়। এতে অন্য কাজ আটকে থাকে। গল্পের কোনো গতি থাকে না। অভিনয়শিল্পীদের অভিনয় ধারাবাহিকতাও থাকে না।
মঞ্চনাটকের ব্যস্ততা কেমন?
মঞ্চ নিয়েই আছি। মঞ্চে কাজ করেই আনন্দ পাই। মঞ্চের সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। সর্বশেষ মেরাজ ফকিরের মা নাটকের মঞ্চায়নে অংশ নিয়েছি। যদিও নাটকটির মঞ্চায়নে দর্শকদের উপস্থিতি একেবারেই ছিল না। তবে মঞ্চে যখন আমাদের অভিনয় শুরু হয়, তখন দর্শক কতজন আছেন তা আমাদের ভাবনায় থাকে না।
নারী হিসেবে আপনাকে কি আলাদা কোনো বাধার মুখোমুখি হতে হয়েছে?
বাধার মুখোমুখি তো হতেই হয়েছে। আমার বাড়ি থেকেও বাধা ছিল। আমার বাবা গান-বাজনা, অভিনয় পছন্দ করতেন না। তবে তিনি খুব রক্ষণশীল হলেও সাম্প্রদায়িকতামুক্ত ছিলেন।
নারীর স্বাধীন বিকাশের পথে কোন বিষয়গুলো বাধা মনে করেন?
আমার মেয়ে ত্রপার বয়স তখন আট বছর। ওর অসুস্থতায় একবার আমাকে রাতে বাসা থেকে বের হতে হয়েছিল। ত্রপা তখন আমাকে জিজ্ঞেস করেছিল, ‘মা, তুমি এত রাতে যে বের হচ্ছো, তুমি কি ছেলে?’ তখন আমি বলেছিলাম, প্রয়োজনের কারণে আমি কখনো ছেলে, আবার কখনো মেয়ে। কিন্তু আমি যদি খারাপ কাজে বের হতাম, সেটাকে স্বাধীনতা বলে না।
নতুন প্রজন্মের নারীকে আপনি কীভাবে দেখতে চান?
আমি চাইব—নতুন প্রজন্মের নারীরা হবে শালীন ও সুশিক্ষিত।
সাক্ষাৎকার নিয়েছেন: মনজুর কাদের