মঞ্চে গাইতেই ভালো লাগে: আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কণ্ঠশিল্পী আগুন
কণ্ঠশিল্পী আগুন

খবরটি দিনকয়েক আগেই এসেছিল। সংগীতশিল্পী আগুন অভিনীত ‘‘অমি ও আইসক্রীম’অলা’’ সিনেমাটি যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আগামী ১৪ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসবটি। উৎসবে ‘চিলড্রেন স্ক্রিনিং’ সেকশনে প্রদর্শিত হবে এ ছবিটি। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ছবিটির নির্মাতা সুমন ধর। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। উৎসবে ‘‘অমি ও আইসক্রীম’অলা’’ ছবির অংশগ্রহণ ও তাঁর গান প্রসঙ্গে কথা বলেছেন আগুন। সাক্ষাৎকারটি নিয়েছেন হাবিবুল্লাহ সিদ্দিক।

আপনার অভিনীত ‘‘অমি ও আইসক্রীম’অলা’’ চলচ্চিত্রটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে?

আমি খবরটি জানি, কিন্তু জেনেও না জানার ভান করি।


কিন্তু কেন?

এর কারণ হচ্ছে, বেশি জেনে গেলে আশাটা বেড়ে যায়। তখন আশাহত হতে হয়। খারাপ লাগে। আমি ২০-২২ বছর আগে একবার গান না গাওয়ার ঘোষণা দিয়েছিলাম। ওই সময় থেকেই আমি আশা করা ছেড়ে দিয়েছি। এটার কারণ হলো, একটা গান অনেক আশা করে লিখি, আশা নিয়ে সুর করি, গাই। কিন্তু দেখা গেল, ‘ফালতু’ গানগুলি হিট হয়েছে আর আসল গানগুলিই মানুষ শোনেনি। আমার অনেক ত্যাগের গান, অনেক পরিশ্রমের গান শ্রোতারা শোনেননি, হয়তো তাঁরা বোঝেননি। আরও একটা ব্যাপার ঘটে, অনেক বছর পরে হয়তো পুরোনো গানটি নতুন করে ‘হিট’ হয়। যেমন ‘আমার স্বপ্নগুলো’ গানটির কথাই বলি। ২০ বছর আগে যখন গানটি প্রকাশ পেল তখন গানটি মেগা ফ্লপ আর এখন গানটি মেগা হিট।

‘‘অমি ও আইসক্রীম’অলা’’ ছবিতে আপনার ছেলে মিছিলও অভিনয় করেছে। ছেলেকে গায়ক নাকি অভিনেতা, কী হিসেবে দেখতে চান?

আমি ওকে মানুষ হিসেবে দেখতে চাই। ওর যা ইচ্ছে হয় হবে। অসৎ কিংবা খারাপ মানুষ যেন না হয় সেদিকে খেয়াল রাখব।

আপনার নতুন গানের খবর ...

নতুন কিছু গান করেছি। এগুলো শ্রোতাদের কাছে পৌঁছালে ভালো লাগবে। টিভি অনুষ্ঠানগুলোতে মাঝে মধ্যেই নতুন গান গাই। শ্রোতারা সাড়াও দিচ্ছে। দেখা যাক।

কোন মাধ্যমে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

অবশ্যই মঞ্চ। যখন গান গাইতে মঞ্চে উঠি তখনই নিজের কাছে ভালো লাগে। ওখানেই স্বচ্ছন্দ আমি।