
দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে চলছে জাকির হোসেন রাজু পরিচালিত অনেক সাধের ময়না। ষাটের দশকের ময়নামতি ছবির সঙ্গে মিলিয়েই তৈরি হয়েছে ছবিটি। ছবিতে আলোচিত একটি চরিত্রে অভিনয় করেছেন মিলন।
ছবিতে মনা চরিত্রটি কীভাবে নিয়েছেন দর্শকেরা?
মনে হয় ভালোভাবে নিয়েছেন। কারণ, পর্দায় আমাকে দেখে তালি দিতে দেখেছি বহু দর্শককে। ছবিটি দেখার পর আমার চেনা-অচেনা অনেেকই চরিত্রটির প্রশংসা করছেন। একই চরিত্রে মনার দুই রূপ এই ছবিতে। আমি দুভাবেই নিজেকে এগিয়ে নিতে পেরেছি বলে মনে করি।
তখনকার মনাকে কি এখনকার মনা ছাপিয়ে যেতে পেরেছে?
ময়নামতির গল্প ঠিক রেখেই এখনকার সময়কে ধরে ছবিটি নির্মাণ করা হয়েছে। সেই সময়কার মনা সেই সময়ে জনপ্রিয়তা পেয়েছে। এখনকার মনা এই সময়ের বিচারেই আলোচনায় এসেছে। এতটুকুই বলতে পারি।
কী কী ছবির কাজ করছেন?
ওয়ানওয়ে ছবির গানের শুটিং বাকি আছে। এ ছাড়া শুটিং করছি ব্ল্যাকমেল ও ভালোবাসা সীমাহীন ছবির। আর আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে প্রেম করব তোমার সাথে ছবিটি।
চলচ্চিত্রে নিয়মিতই কাজ শুরু করেছেন।
নাটক বাদ দিচ্ছেন নাকি?
আপাতত না। যখন দেখব চলচ্চিত্রের মানুষেরা আমাকে চলচ্চিত্রে শতভাগ ভালোভাবে নিয়েছেন, তখন নাটকে অভিনয় বাদ দেওয়ার বিষয়টি চিন্তা করব।
সাক্ষাৎকার: শফিক আল মামুন