মনে হলো একটু বিরতি দরকার : বন্যা মির্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইতে গতকাল সোমবার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক সমাধান। মোহাম্মদ নোমানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন বন্যা মির্জা। নাটকটির বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। আপনার একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। সমাধান নাটকের শুটিং করেছি বছর দুয়েক আগে। জাহিদ ভাইয়ের (জাহিদ হাসান) অনুরোধে কাজটি করা। শুটিং হয়েছে সিরাজগঞ্জে। ধারাবাহিকটির আরও কিছু অংশের শুটিং হবে এ মাসেই।
বন্যা মির্জা
বন্যা মির্জা

আপনি অনেক দিন পর ধারাবাহিকে অভিনয় করলেন?
তা বলতে পারেন। শুধু ধারাবাহিকে না, আমি টিভি নাটকে অভিনয় একটু কমিয়ে দিয়েছি।
কেন?
বিশেষ কোনো কারণ নেই। এমনিই। অনেক দিন তো কাজ করেছি, একইভাবে। মনে হলো একটু বিরতি দরকার। এ কারণেই অভিনয় কম করা হচ্ছে। তা ছাড়া আমাদের দল দেশ নাটক নতুন নাটক মঞ্চে আনছে। এখন মহড়া হচ্ছে। মাসুম রেজার লেখা। শিগগিরই এটি মঞ্চে আসবে। এই নাটকে আমি কাজ করছি। মঞ্চে অনেক দিন নাটকে কাজ করা হয়নি। এ কারণেই নতুন নাটকের সঙ্গে যুক্ত হয়েছি।
অভিনয় কমিয়ে দিয়েছেন, নাটক দেখা হয়?
সেটাও কমিয়ে দিয়েছি। তবে একেবারে যে দেখা হয় না, তা কিন্তু নয়। একটা কথা প্রায়ই শোনা যায়, দর্শক টিভি দেখছে না। এটা ঠিক না। মানুষ বাংলাদেশি টিভি চ্যানেলের নাটক দেখা কমিয়ে দিয়েছে। এর অন্যতম কারণ হলো, বাংলাদেশি টিভি চ্যানেলগুলোতে কনটেন্টের অভাব। এটা নাটকের ক্ষেত্রেও। একটা কথা প্রায়ই শোনা যায়, ‘আমরা বিজ্ঞাপনের জন্য নাটক দেখি না’ আর ভালো নাটক না বানাতে পারলে বলবে ‘বাজেট নেই’। কাজ কিন্তু হচ্ছে এবং কেউ না কেউ লাভবান হচ্ছে। কেউ না কেউ তো এই ব্যবসাটা করছে। যদি তা না হতো, তা হলে এই ব্যবসা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। তা কিন্তু হচ্ছে না। সমস্যা হলো, এই যে লাভ করার যে পদ্ধতি, সেখানে একটা গলদ আছে। এর একটা সমাধান করতে হবে।

সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক