
আরজে হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে মডেল ও অভিনয়শিল্পী সাফা কবিরের। আরজে সাফাকে পাবেন এবিসি রেডিও এফএম ৮৯.২-এ। গাজী টিভিতে শনি থেকে বৃহস্পতিবার রাত ১১টায় তানিম রহমান অংশু পরিচালিত সুপার গার্ল ধারাবাহিকে তাঁকে দেখা যায়। বাদ যায় না শুক্রবার দিনটিও। অর্থাৎ সপ্তাহের সাত দিনই দেখা মেলে সাফা কবিরের। এসব নিয়েই কথা হলো তাঁর সঙ্গে।
শোনা যাচ্ছে, নতুন কিছু করছেন সাফা, কী সেটা?
হ্যাঁ। আমি তো আরজে হয়ে যাচ্ছি। এবিসি রেডিওতে প্রতি রোববার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সরাসরি প্রচারিত হবে আমার অনুষ্ঠানটি। দুই ঘণ্টা ভক্তদের সঙ্গেই থাকব। ফোনে সরাসরি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব। কখনো কখনো স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হয়ে আসবেন মিডিয়ার পরিচিত কোনো মুখ। এখনো অনুষ্ঠানটির নাম ঠিক করা হয়নি। তবে ‘কথাবন্ধু’ যে হচ্ছি, সেটা নিশ্চিত।
আপনি তো ‘সুপার গার্ল’ নাটকেও উপস্থাপিকার চরিত্রে অভিনয় করছেন?
নাটকটিতে আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনা করি। বাস্তবেও আরটিভিতে ‘মিসটেক’ নামে শিশুদের একটি অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনা করি। এ কারণে সুপার গার্ল নাটকের এই চরিত্রটিতে অভিনয় করা আমার জন্য একটু সহজই ছিল। আর এখন তো রেডিওতেও উপস্থাপনা শুরু করছি।
‘সুপার গার্ল’ নাটকটি আর কোন দিক থেকে ভিন্ন?
এই নাটকের চিত্রনাট্য লিখেছেন ভারতের একজন নাট্যকার। ইংরেজিতে লেখা সংলাপ শুটিংয়ের সময় বাংলায় অনুবাদ করে বলতে হয়। অনেক সময় শুটিংয়ে আমরা নিজেরাই ইমপ্রোভাইস করে চিত্রনাট্যে না থাকা সংলাপও বলে ফেলি। সুপার গার্ল-এ সে সুযোগ একেবারেই নেই। একটি শব্দ বা বাক্য বদলে অন্য শব্দ বা বাক্য যুক্ত করা যায় না। প্রতিটি সংলাপের সঙ্গে পরের সংলাপটির সম্পর্ক আছে। এমনকি নাটকের প্রতিটি পর্বের সঙ্গে অন্য পর্বটিও সম্পর্কিত। তাই প্রতিটি সংলাপই বলতে হয় একেবারে চিত্রনাট্য মেনে।
আপনি তো ‘ময়নার মা’-ও হয়ে গেলেন!
কাণ্ডটা হয়েছে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিশেষ প্রচারাভিযানের জন্য তৈরি একটি বিজ্ঞাপনচিত্র করতে গিয়ে। বিজ্ঞাপনে দেখা যায়, বাজিতে হেরে গিয়ে আমি নিজের নাম বদলে ‘ময়নার মা’ হয়ে যাই! আর এটা নিয়ে এখন রাস্তায়, শপিংয়ে কিংবা বন্ধুদের আড্ডায় অনেকেই আমাকে ময়নার মা বলেই ডাকতে শুরু করেছেন। শুনতে ভালোই লাগে। বোঝা যায়, সংলাপটি সবার মুখে মুখে পৌঁছে গেছে।