মহড়াই করে যাচ্ছি যেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারিক আনাম খান	  ছবি: খালেদ সরকার
তারিক আনাম খান ছবি: খালেদ সরকার

ঈদের আনন্দে, ছুটির অবকাশে...
অন্যবার ঈদের ছুটিগুলো যেভাবে কাটাই, এবারও সেভাবেই কেটেছে। ঈদের দিন আজিমপুরে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছি। এ ছাড়া বাসাতেই কেটেছে ছুটির সময়গুলো। এবারের ঈদে আমার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। সেগুলো দেখার চেষ্টা করেছি। তা ছাড়া আমাদের দল নাট্যকেন্দ্রের দুই যুগ পূর্তি উপলক্ষে আজ থেকে দুই দিনব্যাপী যে আয়োজন হচ্ছে, তার প্রস্তুতির জন্য ঈদের অবকাশেও নানা রকম ব্যস্ততা ছিল।
ঈদের নাটক দেখে...
এবারের ঈদে প্রচারিত আমার অভিনীত নাটকগুলোর মধ্যে এখন অবধি দুটি নাটক দেখতে পেরেছি আমি। দুটি নাটকই প্রচার হয়েছে ঈদের পরদিন দুপুরে, প্রায় একই সময়ে। মতিন সাহেবের চশমা চ্যানেল আইয়ে এবং গন্তব্য নাটকটি এনটিভিতে। নাটকগুলো একই সময়ে প্রচার হওয়ার কারণে দেখতে হয়েছে বারবার রিমোট ঘুরিয়ে ঘুরিয়ে। ফলে আমি খুব একটা স্বস্তি পাইনি। একই সময়ে একাধিক নাটক প্রচারের এই এক সমস্যা। তবে এটা বলব যে দুটি নাটকই অনেক ভালো ছিল। ঈদের সময় বেশি নাটক প্রচার হওয়াকে ভালোভাবে দেখেন না কেউ কেউ। আর বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে চলছে নাটক দেখা—এসবই আমাদের টেলিভিশন নাটকের বিকাশের ক্ষেত্রে বড় বাধা।
নাট্যকেন্দ্রের দুই যুগ পূর্তির আয়োজন...
সামনের বছর নাট্যকেন্দ্রের রজতজয়ন্তী। ওই অনুষ্ঠানটি আমরা সাড়ম্বরে উদ্যাপন করব। তবে আজ থেকে শুরু হওয়া দুই যুগ পূর্তির অনুষ্ঠানের মাধ্যমেও আমরা সবাই মিলতে চাই উৎসবে। দুই যুগ পূর্তিতে আমরা হাতে নিয়েছি দুই দিনের অনুষ্ঠানমালা। আজ বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হবে এ আয়োজন। আজ থাকছে নাট্যকেন্দ্রের ১২টি প্রযোজনার মধ্য থেকে নাটকের গানগুলো নিয়ে বিশেষ পরিবেশনা। পরিবেশনার ভেতরে ভেতরে থাকবে স্মৃতিচারণা; এমনকি প্রযোজনাগুলোর উল্লেখযোগ্য অংশের পাঠাভিনয়ও থাকতে পারে।
দ্বিতীয় দিন ১১ অক্টোবর বিকেল চারটায় শিল্পকলা একাডেমী চত্বরে থাকবে টাঙ্গাইলের বাসলিয়া ভাদাইম্যা সঙ দলের পরিবেশনায় সঙযাত্রা। এ পরিবেশনাটি সবার জন্য উন্মুক্ত। এরপর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে আমাদের সর্বশেষ প্রযোজনা দুই যে ছিল এক চাকর ।
ফিরে দেখা নাট্যকেন্দ্র...
শুরুর দিকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমরা নাট্যকর্মী আহ্বান করেছিলাম। ব্যাপক সাড়া পেয়েছিলাম তখন। মনে আছে, মোট ৭০০-এর মতো আবেদন পড়েছিল। এর মধ্য থেকে বাছাই করেছিলাম ৪০ জনকে। সেই যে পথচলা আরম্ভ; সেই থেকে এখন পর্যন্ত ১২টি প্রযোজনা মঞ্চে এনেছি আমরা। এর মধ্যে বিচ্ছু নাটকটির ১৭৫তম প্রদর্শনী হয়েছে এখন অবধি।
নাট্যকেন্দ্রের অনেকেই তো তারকাখ্যাতি পেয়েছেন। তবে তারকা হওয়ার পর মঞ্চে আর তাঁদের দেখা যায়নি সেভাবে। এ বিষয়ে কী বলবেন?
তৌকীর আহমেদ নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। আর দলটির শুরুতেই এখানে যুক্ত হয়েছেন জাহিদ হাসান, মোশাররফ করিমসহ অনেকেই। এঁরা তারকাখ্যতি পেয়েছেন। ফলে পেশাগত ব্যস্ততার কারণে মঞ্চ থেকে তাঁরা বিচ্যুত হয়েছেন ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করি, মঞ্চের প্রতি তাঁদের টানটা আগের মতোই আছে। ব্যক্তিগতভাবে আমি তাঁদের মিস করি। মাঝেমধ্যে মনে হয়, এই যে নাট্যকেন্দ্র ২৪ বছর পূর্ণ করল, আর আমি শুধু মহড়াই করে যাচ্ছি যেন।
সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ