মাঠে নেমেই কেউ ছক্কা মারতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান্নাবিষয়ক একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন নায়িকা পূর্ণিমা। ‘সেরা রাঁধুনি’ নামের টেলিভিশন অনুষ্ঠানটি শুরু হবে সামনের বছরের জানুয়ারি মাসে। এদিকে খবর রটেছে, পাঁচ বছর পর একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। রান্নার প্রতি নিজের আগ্রহ ও নতুন সিনেমা নিয়ে গতকাল বুধবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বললেন এই অভিনেত্রী।
পূর্ণিমা
পূর্ণিমা

শুনলাম রান্নার অনুষ্ঠানের বিচারক হয়েছেন?

আমি খেতে পছন্দ করি। খেয়াল করেছেন হয়তো, দেশের বাইরে গেলে ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজের ছবি কম দিই, খাবারের ছবি দিই বেশি। নিয়ম করে বিভিন্ন চ্যানেলে খাবারের অনুষ্ঠানগুলো দেখি। বিশেষ করে খাবার নিয়ে দেশের বাইরে যেসব রিয়েলিটি শো হয়, যেমন মাস্টারশেফ চ্যালেঞ্জ; সেসব দেখতে খুব ভালো লাগে। বিশেষ রান্না, খাবার নিয়ে করা বিশেষ কিছু, নতুন রেসিপি দেখাও আমার একটা ভালো লাগা। তা ছাড়া আমার মধ্যে নতুন খাবারের স্বাদ নেওয়ার প্রবণতা আছে। সেলিব্রিটিদের সব সময় নাচগান, অভিনয়ের রিয়েলিটি শোগুলোতেই ডাক পড়ে। রান্নার অনুষ্ঠানের প্রস্তাব সেই অর্থে দেওয়া হয় না। আমাকে দিয়েছে বিষয়টি ইন্টারেস্টিং মনে হয়েছে।

খেতে পছন্দ করেন বললেন, কিন্তু খাওয়াতে?|
(হাসি)। খাওয়াতেও পছন্দ করি। কিন্তু ওভাবে নিজে রান্না করে দাওয়াত করে কখনো কাউকে খাওয়ানো হয়নি।

আপনার রান্না খেয়ে ফাহাদ ভাই (পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল) কী বলেন?
আমি যেদিন রান্না করি, সেটা তাঁর কাছে খুব স্পেশাল। ওটাই অমৃত।

দেশ ও বিদেশে এখন পর্যন্ত খাওয়া সব থেকে ভালো লাগা খাবার কী?
আমি ব্রেকফাস্ট লাভার। সকালের নাশতায় এগ বেনেডিক্ট উইথ স্মোকড স্যামন খুব পছন্দ করি। দেশের বাইরে গেলে রেস্টুরেন্ট খুঁজে সকালে এটা খাওয়ার চেষ্টা করি।

এবার সিনেমার খবর বলুন।
ভবঘুরে নামের একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। যেহেতু এই সিনেমার কাজ হবে দেশের বাইরে, তাই বিষয়টি নির্ভর করছে ভিসার ওপর। প্রাথমিক পর্যায়ের কথা হচ্ছে যে কাজটি আমিই করব। সেই হিসেবে বলা যেতে পারে, দীর্ঘ বিরতির পর স্বপন আহেমদের ভবঘুরে দিয়ে শুরু হচ্ছে নতুন সিনেমার কাজ।

সর্বশেষ কোন সিনেমায় অভিনয় করেছিলেন যেন?
ছায়া-ছবি। পরিচালক ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই সিনেমায় আমার সহশিল্পী ছিল আরিফিন শুভ।

‘ভবঘুরে’ ছবিতে কাজ করতে রাজি হলেন কী কারণে?
গল্পটা দারুণ। এটা পুরোপুরি নায়ক-নায়িকার গল্প। রাজি হওয়ার অন্যতম কারণ, এটি চ্যানেল আইয়ের সিনেমা, স্বপন ভাইয়ের (স্বপন আহমেদ) সিনেমা। রাজি হওয়ার আরও কারণ আছে। মোট কথা, আমি যে ধরনের সিনেমা দিয়ে ফিরে আসতে চেয়েছিলাম, ভবঘুরে তেমনই একটি সিনেমা।

‘ভবঘুরে’র নির্মাতা আগেও দুটি সিনেমা বানিয়েছিলেন। সেগুলো দেখেছেন?

লালটিপ দেখেছি। ভালো লেগেছিল। প্রথম সিনেমা হিসেবে ঠিক ছিল। মানুষ তো কাজ করতে করতেই অভিজ্ঞতা অর্জন করবে। জীবনে প্রথম মাঠে নেমে কেউ ছক্কা মারতে পারে না। কেউ আবার পারেও। তবে এই নির্মাতা এখন আরও অভিজ্ঞ।

সাক্ষাৎকার: মনজুর কাদের