মানুষ বেশি করে শাস্ত্রীয় সংগীত শুনুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ‘শুদ্ধসংগীত উৎসব ১৪২২’। প্রতি বছর পৌষ মাসে ছায়ানট শাস্ত্রীয় সংগীতের এ উৎসবটি করে থাকে। এবারের আয়োজন নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বললেন সংগঠনটির সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল।
খায়রুল আনাম শাকিল।
খায়রুল আনাম শাকিল।

ছায়ানট কবে থেকে এ উৎসব আয়োজন করছে?
প্রথম আয়োজনটি হয়েছিল ১৪১৫ বঙ্গাব্দের হেমন্তে। সে হিসেবে ২০০৮ সাল থেকে নিয়মিত এ উৎসব হয়ে আসছে।

এ উৎসব আয়োজনের পেছনের ভাবনা কী ছিল?
শাস্ত্রীয় সংগীতের চর্চা এখানে দীর্ঘদিন থেকে হলেও উপস্থাপনা সেভাবে হতো না। তখন গুটিকয়েক প্রতিষ্ঠান ছোটখাট ঘরোয়া আয়োজন করতেন। শিল্পীরা চর্চা করছিলেন, কিন্তু বড় পরিসরে তাঁরা সংগীত পরিবেশন করতে পারতেন না। আমরা ভাবলাম, তাঁদের একটা জায়গা তো দিতে হবে! ছায়ানটের শুরুর দিকে শাস্ত্রীয় সংগীতের দু-একটি অনুষ্ঠান হয়েছিল। এরপর বহুদিন সেটা হয়নি। কিন্তু শাস্ত্রীয় সংগীত তো সংগীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। তখন এ রকম একটি উৎসব করাটা আমাদের দায়িত্ব মনে হয়েছিল।

অষ্টমবারের মতো আয়োজনটি হচ্ছে। এ উৎসবের অর্জন কী?
কিছু অর্জন হয়েছে, আরও হবে। প্রতিটি ঘরের মানুষ যেদিন শাস্ত্রীয় সংগীত শোনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবেন, সেটিই আসল অর্জন হবে। ছায়ানটের এ উৎসবে লোকসমাগম বাড়ছে, শাস্ত্রীয় সংগীতের ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ছে। সামনে আমরা আরও ভালো মানের শিল্পী পাব। কারণ, এ প্রজন্মের শিল্পীরা অনেক শিক্ষক পাচ্ছেন, যাঁরা শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়েছেন বহু বছর ধরে। ছায়ানটের শাস্ত্রীয় সংগীত শিক্ষার আলাদা বিভাগই আছে।

এ উৎসবের বিশেষত্ব কী?
এ উৎসবের বিশেষত্ব হলো শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও শিল্পীরা অংশ নেবেন। ঢাকার বাইরে তেমন সুযোগ না থাকলেও সেখানকার শিল্পীরা চেষ্টা করে যাচ্ছেন। তাঁদের প্রচেষ্টার একটা ফলও এ উৎসবে দেখা যায়। এবার ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রাম থেকে শিল্পীরা অংশ নেবেন। কলকাতা থেকেও আসছেন দুজন শিল্পী।

মানুষ কেমন শুনছে শাস্ত্রীয় সংগীত?
সাধারণ মানুষের শাস্ত্রীয় সংগীত শোনার আগ্রহ বাড়ছে। এতে তাঁদের হৃদয়ে এ সংগীত একটা জায়গা করে নেবে। একদিনে হবে না, ধীরে ধীরে সেটা হবে। শাস্ত্রীয় সংগীত ভালোবাসেন, এমন শিক্ষিত শ্রোতার সংখ্যা আস্তে আস্তে বাড়বে। ছায়ানটের পর বেঙ্গল ফাউন্ডেশন আরও বড় পরিসরে শাস্ত্রীয় সংগীতের উৎসব করছে। আরও ছোট ছোট বিভিন্ন প্রতিষ্ঠান শাস্ত্রীয় সংগীতের প্রসারে ভূমিকা রাখছে। সবটাই সাধুবাদযোগ্য। আমরা চাই, মানুষ বেশি করে এ সংগীত শুনুক। এ সংগীতের মাধ্যমে মানুষ ধ্যান করতে পারে। নিজেকে আরও সমৃদ্ধ করতে পারে। এখনকার জন্য সমৃদ্ধ মানুষ আরও বেশি জরুরি।

উৎসবের সূচি
১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
প্রথম অধিবেশন (সন্ধ্যা ৬.০০ থেকে রাত ১০.৩০)
ছায়ানট (বৃন্দ কণ্ঠসংগীত), অভিজিৎ কুণ্ডু (কণ্ঠ), মর্তুজা কবীর মুরাদ (বাঁশি), প্রিয়াংকা গোপ (কণ্ঠ), মীর নাকিবুল ইসলাম (তবলা), ব্রজেশ্বর মুখোপাধ্যায় (কণ্ঠ)

১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
দ্বিতীয় অধিবেশন (সকাল ৯টা থেকে দুপুর ১ টা)
ছায়ানট (বৃন্দ কণ্ঠসংগীত), আলমগীর পারভেজ (কণ্ঠ), শ্রাবন্তী ধর (কণ্ঠ), শিউলী ভট্টাচার্য (বেহালা), সতীন্দ্রনাথ হালদার (কণ্ঠ)

১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
তৃতীয় অধিবেশন (সন্ধ্যা ৬টা থেকে রাতব্যাপী)
ছায়ানট (বৃন্দ কণ্ঠসংগীত), ছায়ানট (বৃন্দ তবলাবাদন), লতিফুন জুলিও (কণ্ঠ), সুপ্রিয়া দাশ (কণ্ঠ), শুষেণ কুমার রায় (পাখোয়াজ), সঞ্জীবন সান্যাল (কণ্ঠ), সুস্মিতা দেবনাথ শুচি (কণ্ঠ), খায়রুল আনাম শাকিল (কণ্ঠ), তাপস দত্ত (কণ্ঠ), বিজন চন্দ্র মিস্ত্রী (কণ্ঠ), এবাদুল হক সৈকত (সেতার), রেজোয়ান আলী (কণ্ঠ), অসিত কুমার দে (কণ্ঠ), অমরেশ রায় চৌধুরী (কণ্ঠ) ও দেবস্মিতা ভট্টাচার্য (সরোদ)।

সংগত সংগীত করবেন: রতন কুমার দাস, বিজন চন্দ্র মিস্ত্রী, গৌতম সরকার, ইফতেখার আলম ডলার, স্বরূপ হোসেন, শুষেণ কুমার রায়, সবুজ আহমেদ, মীর নাকিবুল ইসলাম, টিংকু শীল ও সঞ্জীবন সান্যাল

সাক্ষাৎকার নিয়েছেন প্রণব ভৌমিক