>সংগীতশিল্পী ন্যান্সি তাঁর অ্যালবাম মুক্তির ঘোষণা দিয়ে শ্রোতাদের বছরের শেষ চমকটি দিলেন। তাই তাঁর কাছে এই অ্যালবামের বিস্তারিত জানতে চাওয়া। সেই সঙ্গে ব্যক্তি ন্যান্সির ২০১৬ সালটি কেমন গেল, সেটাও জানতে চাওয়া।

এবারের একক অ্যালবামটি কীভাবে সাজিয়েছেন?
এই সময়ে যে ধরনের গান তৈরি হচ্ছে, ঠিক তেমন গানই থাকছে অ্যালবামে। তিনটি গান নিয়ে সাজানো হয়েছে। ভালোবাসা, কষ্ট—দুই ধরনের গানই রয়েছে এতে। একটি গানের দুটি ভিন্ন ভার্সন করা হয়েছে, তাতে আমার সঙ্গে ইমরানও গেয়েছেন। গানগুলো সুর করেছেন মোহাম্মদ মিলন, লিখেছেন রবিউল ইসলাম। সংগীত করেছেন এম এম পি রনি ও রেজোয়ান শেখ। অ্যালবামের নাম দিয়েছি মিলন ফিচারিং ন্যান্সি।
অ্যালবাম মুক্তি পাবে কবে?
বেশ আগেই এই অ্যালবামের কাজ শেষ হয়েছে। নতুন বছরের জন্য অপেক্ষা। আশা করছি, ১ জানুয়ারিতেই অনলাইনে মুক্তি পাবে অ্যালবামটি। তবে বছর শুরুতে আরেকটি দারুণ কাজও করছি। আর তা হলো, তপন চৌধুরীর সঙ্গে একটি দ্বৈতগানে কণ্ঠ দিলাম। এর প্রথম কয়েকটি শব্দ হলো: ‘সুখ দিলেও অল্প দিয়ো, দুঃখ দিলেও অল্প’। এই গানটিও মুক্তি পাবে বছরের প্রথম সপ্তাহে, ৭ জানুয়ারি। এই গানটির আরও একটি বিশেষ দিক হলো এর সুর করেছেন সুবীর নন্দী, লিখেছেন কবির বকুল।
শুনলাম, মায়ের মৃত্যুবার্ষিকীতে এ বছর দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন...
মায়ের মৃত্যুবার্ষিকীর জন্য নয়। এবার দিনটা মিলে গেছে। প্রতিবছরই শীতার্ত মানুষের মাঝে সাধ্য অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করি। ২০০৬ সাল থেকে এ কাজটি করে আসছি। যখন থেকে আমি নিজে আয় করা শুরু করেছি, তখন থেকে। মায়ের কাছ থেকে আমি শিখেছি এটা।
ব্যক্তিজীবন কেমন কাটছে?
স্বামী এবং দুই মেয়ে রোদেলা ও নায়লাকে নিয়ে খুবই ভালো আছি আমি। নিয়মিত গান করছি। পাশাপাশি স্বামী, সন্তানদের ঠিকমতো সময় দিচ্ছি। আমার কাছে মনে হয়, ২০১৫ ও ২০১৬ ছিল আমার জীবনের সেরা দুটি বছর। যদিও এই দুই বছর আমি খুব অমূল্য কিছু মানুষ হারিয়েছি। কিন্তু তা জীবনের বাস্তবতা হিসেবে মেনে নিয়েছি। তারপরও আমার জীবনের সবচেয়ে সুখময় স্মৃতি ছিল এই দুটি বছরে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন