মিশ্র সাড়া পাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মাসের শুরুতে ‘নেশা’ শিরোনামে একটি গানের ভিডিও বঙ্গবিডি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি লিখেছেন ও গেয়েছেন নায়িকা কুসুম সিকদার। যৌথভাবে এটি পরিচালনা করেছেন ছোট পর্দার নির্মাতা শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। ভিডিওতে দুজন মডেলের একজন কুসুম নিজেই, আরেকজন সুজন। মুক্তির প্রথম দিন থেকেই ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

গানের সাড়া কেমন পাচ্ছেন?
মিশ্র সাড়া পাচ্ছি। কেউ বলছেন গান ও গানের ভিডিও—দুটোই ভালো হয়েছে। আবার কেউ বলছেন গান ভালো হয়েছে, কিন্তু ভিডিও নয়। আরেক দল বলছে, গান ও ভিডিও—কোনোটিই ভালো হয়নি। ভিডিওতে আমার উপস্থিতির ধরন নিয়েও সমালোচনা করছেন কেউ কেউ।

অনেকে বলছেন, আলোচনায় আসার জন্যই নাকি ভিডিওতে আপনার খোলামেলা উপস্থিতি...
না, এটা ঠিক নয়। কাজের ক্ষেত্রে ভালো লাগাটাকেই প্রাধান্য দিই। লালটিপছবির গানেও বাণিজ্যিকভাবে আমাকে উপস্থাপন করেছিলেন পরিচালক। কিন্তু ওই গান দেখে তখন কেউ সমালোচনা করেননি। তাহলে এই ভিডিও নিয়ে কেন সমালোচনা হচ্ছে, মাথায় আসছে না। আমি কাজে বিশ্বাসী। আন্তর্জাতিক মান রেখে বাণিজ্যিকভাবে কাজটি করেছি। এতটুকুই।

হঠাৎ করেই গানের ভিডিওতে মডেল হলেন কেন?
ভিন্ন আঙ্গিকে নতুন নতুন কাজের প্রতি আগ্রহ বেশি আমার। সিনেমার ক্ষেত্রে গহীনের শব্দ থেকে ভিন্নভাবে লালটিপছবিতে কাজ করেছি। শঙ্খচিলসম্পর্কে তো সবারই জানা। আন্তর্জাতিকভাবে নিজেকে তুলে ধরা এবং ভিন্ন আঙ্গিকে আমার ভক্ত, দর্শকের সামনে উপস্থিত হওয়ার জন্যই গানের ভিডিওতে এবার প্রথম মডেল হয়েছি।

কুসুম সিকদার
কুসুম সিকদার

শঙ্খচিল-এর পর চলচ্চিত্রে আর দেখা যাচ্ছে না কেন?
আমি মাত্র তিনটি ছবিতে কাজ করেছি। গল্পে নতুনত্ব থাকলে, গল্পে আমার চরিত্র বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের সুযোগ থাকলে আমি কাজ করতে চাই। শঙ্খচিল-এর পর বেশ কয়েকটি ছবিতে প্রস্তাব পেয়েছি। কিন্তু করিনি। এর মধ্যে ভারতীয় একজন বিখ্যাত পরিচালকের যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার কথা ছিল। কিন্তু গল্প শুনতে বসে দেখলাম ছবিতে একাধিক নায়িকা। শেষ পর্যন্ত আর কাজটি করা হয়নি।

আপনি অভিনয় করার পাশাপাশি কবিতাও লেখেন। লেখালেখির খবর কী?
২০১৫ সালের একুশের বইমেলায় একটি কবিতার বই বেরিয়েছিল। নিয়মিত লেখা হয় না। কাজের ফাঁকে লিখি। গেল ঈদে একটি গল্প লিখে প্রশংসা পেয়েছি। আগামী বইমেলায় একটি গল্পের বই প্রকাশ করার ইচ্ছা আছে।

বই পড়া হয়?
সময় পেলেই বই পড়ি। এটি আমাদের পারিবারিক অভ্যাস। অরুন্ধতী রায়ের দ্য গড অব স্মল থিংস বারবার পড়ি। এ ছাড়া বুদ্ধদেব গুহ, ও’হেনরি, মিলান কুন্ডেরা, সেলিনা হোসেন ও রাবেয়া খাতুনের বই পড়া হয়। পাবলো নেরুদার কবিতাও পড়ি।
সাক্ষাৎকার: শফিক আল মামুন