মুখ আর কপাল বেয়ে রক্ত ঝরেছে: সজল

সজল অভিনয়শিল্পী। ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই তারকা অভিনেতা। আজ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে সজল অভিনীত পাঁচটি নাটক। ঈদের নাটকের কাজের অভিজ্ঞতাসহ আরও নানা বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সজল।
ঈদ কেমন কাটছে?
ভালোই। সকালে টিভিতে লাইভ অনুষ্ঠান করেছি। তারপর ঈদের নামাজ পড়েছি। কোরবানির মাংস কাটাকাটি করেছি। এখন পরিবারকে সময় দিচ্ছি। আর বিকেল পাঁচটা থেকে সাতটা, পুরো দুই ঘণ্টা ঢাকা এফএমে শ্রোতারা আমাকে শুনতে পাবেন।
ঈদ উপলক্ষে কতগুলো নাটকে অভিনয় করেছেন?
নির্দিষ্ট সংখ্যা মনে নেই। তবে সবার কথা রাখতে গিয়ে অনেক কাজ করেছি। আজ বিভিন্ন টিভি চ্যানেলে আমার অভিনীত পাঁচটি নাটক প্রচারিত হবে। সেগুলো হল নুজহাত আলভী আহমেদের তুমি কি লজ্জাবতী নাকি সূর্যমুখী এবং ওয়েলকাম, সকাল আহমেদের কাব্যকথা, রোমান রনির বউ বদল এবং মোহন খানের মেঘ বালিকা।
নিজের অভিনীত নাটক কি দেখা হয়?
হ্যাঁ, আমার অভিনীত নাটকগুলো আমি দেখি। আবার অন্যদের নাটকও দেখা হয়। নিজের নাটকগুলো দেখার সময় ভুলগুলো বারবার চোখে পড়ে। মনে হয়, আরেকটু ভালো হলে ভালো হতো।
‘বাকের ভাই’-এর ভক্ত সজল...
ছোটবেলা থেকে বাকের ভাই এবং হিমু চরিত্রের প্রতি আমার বিশেষ ভালো লাগা ছিল। ২০১৪ সালের বরকত ও সুমনা নাটকে আমি বরকত চরিত্রে অভিনয় করেছি। এখানে বাকের ভাইয়ের অনেক ভক্ত থাকে বরকত। সে সব সময় বাকের ভাইকে অনুসরণ করে এবং মনে মনে মুনার মতো একজনকে খোঁজে। অবশেষে সে সুমনা নামের একজনকে খুঁজে পায় যার সঙ্গে মুনার মিল পায়। কিন্তু বাকের ভাইয়ের মতো সে ভুল করে না। সুমনাকে সে জানিয়ে দেয় তাঁর ভালো লাগার কথা। নাটকটিতে অভিনয় করার সময় আমরা অনেক মজা করেছি। এখানে সুমনা চরিত্রে অভিনয় করেছেন তারিন। নাটকটি ঈদের তৃতীয় দিন আরটিভিতে বেলা সাড়ে ১১টায় প্রচারিত হবে।
ঈদের নাটকগুলো করার অভিজ্ঞতা কেমন ছিল?
এবারে কয়েকটি নাটকের শুটিংয়ের সময় অদ্ভুত সব কাণ্ড ঘটেছে। হলুদ প্রজাপতি নাটকের একটি দৃশ্যের শুটিংয়ের জন্য আমি রাস্তায় শুয়ে থাকি, আর আমার ওপরে থাকে একটা সাইকেল। রাস্তা ফাঁকাই ছিল। কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন একটা জিপ চলে আসে এবং আমি হাত ঈশারা করার আগেই জিপটা আমার খুব কাছাকাছি চলে এসে অন্যদিকে মোড় নেয়। পরে জানতে পারি, জিপের চালক গাড়ি চালানো শিখছিলেন। ইউনিটের সবাই তো আমাকে নিয়ে খুব ঘাবড়ে যান। কারণ একটু হলেই জিপ আমার ওপর দিয়ে চলে যেত। আরেকটা নাটকে মারামারির দৃশ্যের শুটিং করতে গিয়ে তো রীতিমতো রক্তাক্ত হতে হয়েছে আমাকে। আমার হাতে মারার কথা থাকলেও, ভুল করে মুখে মারা হয়। তারপর তো সত্যি সত্যি আমার মুখ আর কপাল বেয়ে রক্ত ঝরেছে। এরপর অনেক ভোগান্তি হলেও আমরা মজা করেই কাজ শেষ করেছি।
রানআউট...
ছবিটি অনেক ভালো হয়েছে। ঈদের পর ছবিটি মুক্তি পাবে। আমার অনেক ভালো লেগেছে ছবিটিতে কাজ করে।
সুযোগ পেলে আপনি নিজের কোন দোষটি রানআউট করার চেষ্টা করতেন?
আমি প্রচণ্ড অভিমানী। কারও প্রতি রাগ করলে আমি প্রকাশ করি না, নিজের মধ্যে চেপে রাখি। যদিও আলোচনা করলে রাগ থাকার কথা নয়, কিন্তু আমি সেটা করি না। সুযোগ পেলে এই দোষটা হয়তো রানআউট করে দেয়ার চেষ্টা করতাম।