মূল কাজ করেছি আলো নিয়ে: সাজু খাদেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গহর বাদশা ও বানেছা পরী নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন সাজু খাদেম
গহর বাদশা ও বানেছা পরী নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন সাজু খাদেম

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে গত মঙ্গলবার মঞ্চস্থ হলো নাগরিক নাট্যকেন্দ্রের নতুন নাটক গহর বাদশা ও বানেছা পরী। হৃদি হকের নির্দেশনায় নাটকটির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন সাজু খাদেম। কথা হলো তাঁর সঙ্গে।

সাজু খাদেম
সাজু খাদেম

লোকগাথানির্ভর নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’। সেট ডিজাইনের সময় কোন বিষয়টি মাথায় ছিল?
আমার মাথায় ছিল, দর্শক যেন নাটকিট দেখেন এবং উপভোগ করেন। সেই ছাপটা সেট নির্মাণের বেলায়ও রেখেছি। সাধারণত লোকগাথায় সেট করা হয় না। কিন্তু আমরা করেছি। সেটটিকে আমরা কালারফুল করিনি, কারণ দর্শক তাতে খেই হারিয়ে ফেলেন। আমাদের চিরচেনা একটা মোটিফ আছে, সেটা হলো পাতা। সবাই যেটা চিনি। সেই পাতায় কোনো রং করিনি। পুরোটা সাদা। মূল কাজ করেছি আলো নিয়ে। সাদা পাতার ওপর বিভিন্ন রঙের আলো পড়েছে। এতে পুরো মঞ্চ বারবার বদলেছে। আমরা চেষ্টা করেছি সংলাপ, এমনকি দৃশ্যের মাঝেও আলোর খেলা দেখাতে। মজার ব্যাপার হলো, আমাদের শিল্পকলা একাডেমীতে অনেক ভালো মানের আধুনিক আলোর ব্যবস্থা আছে। কিন্তু অনেকেই ঠিকমতো এর ব্যবহার জানি না। তবে পুরো কাজটির জন্য আমি কৃতজ্ঞতা জানাই নির্দেশক হৃদি হককে। ও সুযোগ না দিলে হয়তো কাজটা করতে পারতাম না।
প্রথম শো তো দর্শকপূর্ণ ছিল?
হ্যাঁ। শোয়ের আগে অনেক দর্শককে ফেরত পাঠাতে হয়েছে। আমি সব সময় একটা কথা বলি, নাটককে আমরা নিজেরাই দূরে সরিয়ে রেখেছি। বোদ্ধারা বলেন, ‘সব নাটক সবার জন্য নয়।’ কিন্তু আমার মনে হয়, নাটককে ‘প্রোডাক্ট’ ভাবতে হবে। নাটক নির্মাণের বেলায় আমরা কিন্তু ঠিকই বলি, ‘প্রোডাকশন হাউস’, ‘প্রোডাকশন টিম’, ‘প্রোডাকশন ম্যানেজার’, ‘প্রোডাকশন বয়’। কিন্তু নাটককে আমরা ‘প্রোডাক্ট’ বলি না। বলি ‘সমাজ বদলের হাতিয়ার’। এভাবে ভাবলে তো হবে না। এই নাটকটি মঞ্চায়নের আগে আমি হৃদির সঙ্গে কথা বলে মার্কেটিংয়ের জন্য আড়াই মিনিটের ‘প্রমো’ বানিয়েছি। সব মিলিয়ে আমরা চেয়েছি নাটকিট দর্শক দেখুন। সেই চেষ্টা সফল হয়েছে।
আপনার এটা কততম সেট ডিজাইন?
যত দূর মনে পড়ে, এটা আমার ষষ্ঠ কাজ। আমার প্রথম কাজ ছিল গোল মাথা চোখা মাথা। এরপর প্রাগৈতিহাসিকসহ বেশ কয়েকটি নাটকের সেট নির্মাণ করেছি।