মৃত্যুই সালমানকে অমর করেছে

সালমান শাহর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আজ সোমবার এবিসি রেডিওতে রাত ১০টায় প্রচারিত হবে ‘ও আমার বন্ধু’। এতে গান গেয়েছেন আগুন। সিনেমায় সালমান শাহর ঠোঁটে গান মানেই ছিল আগুনের। তাঁর ২৭টি সিনেমার সব কটিতে কণ্ঠ দিয়েছেন আগুন। অনুষ্ঠানটিসহ আরও নানা প্রসঙ্গে কথা বলেছেন এই শিল্পী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

‘ও আমার বন্ধু’তে কয়টা গান করলেন?


ঘণ্টাখানেকের অনুষ্ঠান, ছয়টি গান গেয়েছি। খুবই চমৎকার একটা আয়োজন করেছে এবিসি রেডিও। আমার বেশ ভালো লেগেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার ও সালমানের সম্পর্কে শ্রোতারা জানতে পারবেন।

আগুন
ছবি : প্রথম আলো

প্রশ্ন :

এত দিন পর সালমান শাহকে নিয়ে আপনার মূল্যায়ন কী?

একেবারে নতুন স্টাইল নিয়ে এসেছিল। এত অল্প বয়সী নায়ক আগে দেখিনি। শিক্ষিত পরিবারের সন্তান, সে স্মার্ট হবে না তো কে হবে! তার আচার-ব‍্যবহার, কথা বলা সবার থেকে আলাদা। এফডিসিতে তাকে সবার কাছ থেকে আলাদা করা যেত।

প্রশ্ন :

মৃত্যুর ২৫ বছর পরে আপনার স্মৃতিতে সালমান শাহ কেমন?

আমাদের তো দেখাদেখি খুব একটা হতো না। দেখা বলতে, রেকর্ডিং স্টুডিও আর এফডিসিতে। যখনই তার সিনেমার গান গাইতাম, সে স্টুডিওতে থাকত। আমাদের পেশাদার সম্পর্ক ছিল, বন্ধুত্বের নয়। কাজের প্রতি ওর ডেডিকেশন মুগ্ধ করত। খুব অল্প বয়সে সালমান শাহ চলে গেল, ওর মৃত্যু যদিও অপূরণীয় ক্ষতি, কিন্তু মৃত্যুই সালমানকে অমর করেছে।

প্রশ্ন :

কেন এমনটা মনে হয়েছে?

আমি অতটা জানি না। তবে এটা বলতে পারি, ধূমকেতুর মতো আবির্ভাব, যতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছে, সব কটিই সুপারহিট। মানুষের ক্যারিয়ারে তো একটু উত্থান-পতন হয়ই। সালমানের ক্যারিয়ারে পতন বলে কিছুই ছিল না। উত্থান থাকতে থাকতেই পৃথিবী থেকে বিদায় নিল। তাই মানুষের মনে বড় বেশি জায়গা করে নিতে পারল। আর অনেক দিন কাজ করলে হয়তো আনন্দ-বেদনা-দুঃখ মিলিয়ে মিশ্র কিছু একটা হতো।

সংগীতশিল্পী আগুন

প্রশ্ন :

একটা সময় চলচ্চিত্র আর অডিও গানে নিয়মিত ছিলেন।

এখন তো সিনেমার মতো প্লেব্যাকের অবস্থাও একটু খারাপ। তা ছাড়া সময় এখন নতুনদের। ৩০ বছরের ক্যারিয়ারে ভাটা তো পড়তেই পারে। তবে আশার কথা হচ্ছে, কিছুদিন ধরে নতুন একটি ফিল্মে কিছু গান করার ব্যাপারে একজনের সঙ্গে কথা হচ্ছে। সৃষ্টিকর্তা যদি সহায় থাকেন, এসব গান ‘কেয়ামত থেকে কেয়ামত’কেও ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। তবে আমাকে যদি কেউ প্রয়োজন মনে করেন, তাঁরা গানের জন্য ঠিকই খুঁজে পান। এমনিতে স্টেজে, দেশে ও দেশের বাইরে গান গাইছি। করোনার কারণে অনেক দিন বন্ধ থাকার পর ১১ সেপ্টেম্বর একটি স্টেজ শো করছি। কিন্তু সময়কে সাক্ষী রেখে যাওয়ার মতো গান কম। সে রকম গান পাচ্ছিও না। প্লেব্যাক যদিও করছি, সেগুলো আহামরি কোনো গানের পর্যায়ে মনে করছি না। একটা আলোড়ন দরকার।

প্রশ্ন :

আলোড়ন হচ্ছে না কেন?

এক বাক্যে একটা কথা বলতে পারি, আমাদের সময়ে ১ হাজার গান মুক্তি পেলে অন্তত ৫০টি গান স্মরণীয় হওয়ার মতো পেতাম; এখন তো ১ লাখ গান থেকেও ৫০টি পাওয়া যাচ্ছে না।

সালমান শাহ
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

কী কারণে?

ইউটিউব প্ল্যাটফর্ম ওপেন তো, যে যা ইচ্ছা তা–ই করছে। টাকা থাকলেই সবাই ইউটিউবে গান প্রকাশ করছে, গলায় সুর থাকুক আর না থাকুক। মেশিনের সাপোর্ট নিয়ে রাতারাতি সবাই শিল্পী হয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে একটা বিষয় আমার চোখে পড়েছে, যা সত্যিই ভীতিকর, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, ৫০০ টাকায় শিল্পী হোন!

প্রশ্ন :

উত্তরণের উপায় কী?

ইন্টারনেট যখন অশিক্ষিতের হাতে পড়ে, তখন এসব দুর্দশা থেকে উত্তরণ সম্ভব না। ফার্স্ট ওয়ার্ল্ডে ইন্টারনেটের ব্যবহার তাদের কতটা বিউটিফুল জায়গায় নিয়ে যাচ্ছে, অথচ আমাদের বাংলাদেশের মানুষের এসবের সঠিক ব্যবহার নেই। আমাদের মানসিকতা অজ্ঞতার চূড়ান্ত পর্যায়ে।

প্রশ্ন :

বাংলাদেশের সংগীত তাহলে কোন পথে?

বাংলাদেশের সংগীত শুধু না, পুরো সংস্কৃতির ৯০ ভাগ ধ্বংস হয়ে গেছে ইন্টারনেটের অপব্যবহারে। আমাদের মননের জায়গা শোধরাতে হবে। এই শোধরাতেও হয়তো দুই প্রজন্ম সময় লাগবে। আমাদের দেশের মেধাবী মিউজিশিয়ানের কিন্তু অভাব নেই, কিন্তু সবার হাতে একই মেশিন। সবাই যেহেতু লজিক ও ম্যাকে কাজ করছেন, কারও সাউন্ডের কোনো বৈচিত্র্য নেই। আমার জানামতে, শুরুতে বৈচিত্র্য আনতে পেরেছিল হাবিব ওয়াহিদ। কারণ সেই-ই প্রথম লজিক আর ম্যাকে কাজ করেছিল। এখন তো সবার কাছেই এসব প্রযুক্তি আছে।

প্রশ্ন :

সাউন্ডের বৈচিত্র্য কীভাবে আসবে?

আমাদের অ্যাকুস্টিকে ফিরে যেতে হবে। আমাদের আশপাশে প্রচণ্ড মেধাবী শিল্পীতে ভরা। কিন্তু এই শিল্পীদের নিয়ে কাজ করার মতো সংগীত পরিচালক নেই। আমার সময়ে ৩০ জনের বেশি সংগীত পরিচালকের সঙ্গে কাজ করছি। তাই এখনকার সংগীতশিল্পীদের দুর্ভাগাও বলা যায়। ওরা আসলে যাবে কোথায়। অদ্ভুত আরেকটা ব্যাপার হয়ে গেছে, এখন যে গান গায় সে-ই লেখে, সুর করে!