মেলোডিয়াস গান যেন আবার ফিরে আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিনা ইয়াসমীন
সাবিনা ইয়াসমীন
সাবিনা ইয়াসমীন এখন আছেন চট্টগ্রামে। আজ সন্ধ্যায় ‘চ্যারিটি নাইট’ নামের একটি অনুষ্ঠানে গাইবেন তিনি। আগামীকাল শুক্রবার এই শিল্পীর জন্মদিন। জীবনের নতুন বছরের শুরুর কিছু সময় আগে তিনি বললেন তাঁর নতুন পরিকল্পনা, প্রত্যাশা ও কাজ নিয়ে

কেমন আছেন?

খুব ভালো আছি। চট্টগ্রামে গাইতে এসেছি। শ্রোতাদের সামনে তাঁদের পছন্দের দেশের গান, চলচ্চিত্রের গান ও আধুনিক গানগুলো গাইব। শ্রোতাদের সঙ্গে কথা বলব, তাঁদের অনুরোধে গাইব। এসবই হচ্ছে আমার ভালো থাকার কারণ।
নতুন একটি বছর শুরু করতে যাচ্ছেন। নতুন বছরে নতুন কোনো ভাবনা কি আছে?
ভাবনাগুলো নিয়ে ভাবার কাজ তো আমার না। আমার কাজ গান গেয়ে যাওয়া। আসছে বছরও তা–ই করব। আমি গান গাইব।
নতুন বছরে সংগীত নিয়ে আপনার প্রত্যাশার কথাই বলুন...
সংগীত নিয়ে প্রত্যাশা তো অনেক আছে। এখন আগের মতো মেলোডিয়াস গান হয় না। একভাবে বলতে গেলে মেলোডিয়াস গান যেন হারিয়েই গেছে। আগের গানগুলো একবার শুনলেই বছরের পর বছর মনে গেঁথে থাকত। কিন্তু এখনকার গানগুলো কয়েক মুহূর্তও মনে থাকে না। তাই আমার প্রত্যাশা, মেলোডিয়াস গান যেন আবারও ফিরে আসে। এখন অনেক তরুণই ভালো কাজ করছেন। তাই এই প্রত্যাশা সফল হতে পারে।
নতুন বছরে কোনো নতুন পণ নিয়েছেন কি?
আমি এক বছর ধরে ‘ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল’ নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি। বিদেশি এই সংস্থা আমাদের দেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। এক বছর ধরে তাদের অনেক কর্মকাণ্ডেই আমি যুক্ত ছিলাম। আমার ইচ্ছা, এর সঙ্গে আমি যেন আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারি। তাই নতুন বছরে শিশুদের কল্যাণে কাজ করার পণ নিতে চাই আমি।
গান নিয়ে সামনের ব্যস্ততাগুলো কী?
ইদানীং মঞ্চ পরিবেশনাতেই বেশি সময় দিচ্ছি। আজ যেমন ইস্টার্ন ব্যাংক আয়োজিত চ্যারিটি নাইটে গাইব। তেমনি সামনের মাস থেকে গাইব দেশের বাইরের বেশ কয়েকটি স্থানে। আগামী অক্টোবরে আমেরিকা ও সিঙ্গাপুরে শো আছে; নভেম্বরে ইংল্যান্ড যাব অনুষ্ঠানে অংশ নিতে। এর মাঝে দেশেও আছে কয়েকটি স্টেজ শো। আর অ্যালবামের কাজ বলতে আমার মেয়ের সলো অ্যালবামের কয়েকটি গানে সঙ্গ দিচ্ছি। অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি।