মেয়ে আমার আগেই চলে এসেছে, মায়ের প্রথম ছবির প্রিমিয়ার দেখবে বলে
মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি হলে চলছে রাশিদ পলাশের পদ্মাপুরান। পাশাপাশি শুক্রবার থেকে ঢাকার সৈনিক ক্লাবে নতুন করে ছবিটি মুক্তি পেয়েছে। এ ছবি দিয়েই বড় পর্দায় নাম লেখালেন অভিনেত্রী, মডেল সাদিয়া মাহি।
প্রশ্ন :
কী নিয়ে ব্যস্ত এখন?
আমার মেয়ে পদ্মা হওয়ার পর থেকে ওকে নিয়েই সময় কাটছে। ১৮ অক্টোবর পদ্মার এক মাস পূর্ণ হবে। ও তো দিনে হয়েছে, তাই রাতে জেগে থাকে। সারা রাতই তাই জেগে থাকতে হয়। জীবনটা বদলে গেছে। জানেন কি, আমার ডাক্তারের হিসাবে পদ্মা ভূমিষ্ঠ হওয়ার দিন ছিল ৮ অক্টোবর। কাকতালীয়ভাবে সেদিনই ছিল পদ্মাপুরান মুক্তির তারিখ। যদিও জরুরি কারণে ১৮ সেপ্টেম্বর সিজার করে ফেলতে হয়। মেয়ে আমার আগেই চলে এসেছে, মায়ের প্রথম ছবির প্রিমিয়ার দেখবে বলে! দেখেছেও। বলতে পারেন, আমার কন্যা কনিষ্ঠ দর্শক। সেদিন ওর বয়স ছিল ২১ দিন।
প্রশ্ন :
আপনি তো আগে চলচ্চিত্রে অভিনয় করেননি। ‘পদ্মাপুরান’ ছবির প্রস্তাব পেলেন কীভাবে?
২০১৬ সালের শেষ দিকের কথা। আমি তখন মডেলিংয়ে ব্যস্ত। টিভিসি, ওভিসি করেছি। সে সময় রাশিদ পলাশের কবর নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। তখন থেকেই আমাদের পরিচয়, জানাশোনা। অনেকেরই অডিশন নিয়েছেন, শেষমেশ আমাকেই চূড়ান্ত করলেন।
প্রশ্ন :
ছবিতে আপনাকে মাথার চুল ফেলে দিতে দেখা গেছে। আউটডোর শুটিং, প্রতিকূল পরিবেশ। এসব জেনেও রাজি হলেন?
আমি তো গল্পটা আগেই পড়েছি। জানতাম চরিত্রটা কী। জানতাম, আমাকে চুল বিসর্জন দিতে হবে, প্রস্তুতির জন্য অনেক সময় দিতে হবে। বিরতি দিয়ে শুটিং হবে। ছেদ পড়বে মডেলিং ক্যারিয়ারে। সবটাই জানা ছিল। ছবিটার জন্য কেমন একটা মায়া পড়ে গিয়েছিল। পরিচালক বলেছিলেন, গতানুগতিক নায়িকা চাই না। আমিও এমন কিছুর জন্যই অপেক্ষা করছিলাম। এক্সপেরিমেন্টাল কিছুর জন্য। তবে চুল ফেলে দেওয়ার সময় অনেক কেঁদেছিলাম। তা ছাড়া দুই বছর শুটিং হয়েছে। খুব সীমাবদ্ধতা নিয়ে শুটিং হয়, ছোট ইউনিট আমাদের। একদিন শুটিংয়ে আমরা ঘূর্ণিঝড় ‘ফণী’র কবলে পড়েছিলাম। শুটিং হয়েছে চরে। বছরে তিন থেকে চার মাস চরটা থাকে। বাকি সময়ে পানির নিচে থাকে। প্রতিদিন ভোর ছয়টায় রওনা দিয়ে সকাল আটটার মধ্যে শুটিং শুরু করতাম। এমন হয়েছে, ৩৭ ডিগ্রি তাপমাত্রার ভেতর চরের বালুতে শট দিতে হয়েছে। তবে এখন মনে হচ্ছে, আমাদের সব কষ্ট সার্থক হয়েছে।
প্রশ্ন :
ছবিতে দেখলাম আপনার জীবনের দুটি অংশ। যেখানে তিনটি পর্যায়। অন্তঃসত্ত্বা, মাদক বিক্রেতা ও শিখণ্ডী। কোনটা বেশি কঠিন?
আমার কাছে শিখণ্ডী চরিত্রটি ছিল সবচেয়ে কঠিন। আসলে একটা ছেলেকে দিয়ে খুব সহজেই সাজিয়ে শিখণ্ডীর চরিত্র করা সম্ভব হয়। সেটাই সাধারণত হয়। একজন মেয়ের বেলায় সেটা একটু কঠিনই। সেই জায়গা থেকে তেমন শরীরী ভাষা তৈরি করেছি। শিখণ্ডীদের সঙ্গে সময় কাটাতে হয়েছে। ওদের কথাবার্তা কেমন, ওরা কীভাবে চলাফেরা করে, অ্যাপ্রোচ কেমন হয় মানুষের সঙ্গে।
প্রশ্ন :
আচ্ছা, আপনার ক্যারিয়ারের শুরু কীভাবে?
২০১৫ সালে মডেলিং ক্যারিয়ার শুরু হয়। এরপর স্টিল ফটোশুট, র্যাম্পে হাঁটা হয়েছে প্রচুর। অভিনয়ের হাতেখড়ি কবর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
প্রশ্ন :
টেলিভিশন নাটকে অভিনয় করেননি?
না। এর অবশ্য বিশেষ কোনো কারণ নেই। করা হয়নি আরকি। আগামীতে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। নাটকে বিশেষ কোনো চরিত্র বা ভালো স্ক্রিপ্ট পেলে করব। তবে আপাতত বাচ্চাকে সময় দেব। ও একটু বড় হোক।