মৌসুমী আধা একটা কাজ করছে, ওর কি কাণ্ডজ্ঞান নেই!
দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র এইচ আর হাবিব পরিচালিত চলচ্চিত্র ছিটমহল। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। পাঁচ বছর আগে চলচ্চিত্রের শুটিংয়ের মাঝপথে সরে আসেন এই অভিনয়শিল্পী। এরপর আর শুটিংয়ে অংশ নেননি। হঠাৎ জানতে পারেন, অসমাপ্ত ছবিটি মুক্তি পাচ্ছে। মুক্তির এ খবরে অবাক এই অভিনয়শিল্পী জানালেন নানা কথা
প্রশ্ন :
সিনেমা মুক্তির খবরটি জানলেন কীভাবে?
হঠাৎ ফেসবুক পোস্ট দেখে জানতে পারি, আমার ছবি রিলিজ হচ্ছে। এ ছবির শুটিং করেছিলাম পাঁচ–ছয় বছর আগে। প্রথম ও দ্বিতীয় লটের শুটিং করেই কিন্তু সরে যাই। আমার চরিত্রের শুটিংই তো শেষ হয়নি। এরপর কবে কীভাবে শুটিং শেষ হয়েছে আমি জানিও না। আমার সঙ্গে বোধ হয় পরে যোগাযোগ করেছিল, কিন্তু আমি আর ছবিটির শুটিং করিনি। এখন শুনছি রিলিজ হয়েছে।
প্রশ্ন :
তাহলে কি অসমাপ্ত ছবিটিই মুক্তি দেওয়া হয়েছে?
কী অবস্থায় যে ছবিটি রিলিজ দিয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। আবার পোস্টারেও দেখছি আমি আছি। পরিচালক ছবি মুক্তির আগের দিন আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি ডাবিংও কিন্তু করিনি। সবকিছু মিলিয়ে আমি আসলে কনফিউজড। সিনেমা মুক্তি পাচ্ছে কোথায় আনন্দিত হব, সেখানে আমি কনফিউজড। শুটিং নিয়ে আমাদের মধ্যে ভুল–বোঝাবুঝি তৈরি হলেও সেটার অবসান আজও হয়নি। অবসান করে তারপরও তো আমার শুটিংয়ের ডেট নেওয়া উচিত ছিল। তারপরও আমি খুশি, এত দিন পর সিনেমা মুক্তি পাচ্ছে। এই সময়ে একটা সিনেমা মুক্তি পাওয়া তো বড় ব্যাপার।
প্রশ্ন :
চরিত্রের সফল পরিসমাপ্তি ছাড়া ছবি মুক্তি অভিনয়শিল্পী হিসেবে আপনার ইমেজের জন্য ক্ষতিকর নয় কি?
অবশ্যই ইমেজের জন্য ক্ষতিকর। দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে যদি দেখে আমার চরিত্র অসমাপ্ত, তখন তারা কিন্তু বুঝবে না শুটিং সেটে আমাদের কী ঘটেছে। দর্শক তো দেখবে যে মৌসুমী আধা একটা কাজ করছে, ওর কি কাণ্ডজ্ঞান নেই! পরিচালক অনেক সিনিয়র একজন মানুষ, কিন্তু প্রশ্নটা হচ্ছে এমনটা কেন হবে?
প্রশ্ন :
শুটিং সেটে আসলে কী হয়েছিল?
ছিটমহল চলচ্চিত্রের প্রধান চরিত্রে ছিলাম আমি, পিয়া আপু (জান্নাতুল পিয়া), শিমুল খান, আরমান পারভেজ মুরাদ। এ চলচ্চিত্রে আমার চরিত্রের নাম প্রীতিবালা, যার ১২–১৩ বছরের একটা মেয়ে আছে। কিন্তু সেটে গিয়ে দেখি ডিগ্রি পড়া একটা মেয়েকে ১২–১৩ বছরের মেয়ে বলতে চাইছেন পরিচালক! কিন্তু তাকে দেখেও কোনোভাবেই মনে হচ্ছিল না তেমনটা। আমি আপত্তি জানাই। এক কথা–দুই কথায় আমাকে বলা হলো আপনার পছন্দ না হলে কাজ কইরেন না! আমি কিন্তু যুক্তি চাচ্ছিলাম। জোর করে যুক্তি দিয়ে তিনি বোঝাতে চাইলেন। তিনি যেহেতু সিনিয়র একজন ডিরেক্টর, আমিও আর কথা বাড়াইনি। একটা বড় মেয়েকে ফ্রক পরিয়ে মাথার দুই পাশে বেণি ঝুলিয়ে দেবেন—তাহলে কি ১২–১৩ বছরের মেয়ে হয়ে যাবে! কি অদ্ভুত। এটা তো ফাজলামি। আমারও ব্যর্থতা আমি পরিচালককে বোঝাতে পারিনি, তিনিও ভাবছেন হয়তো আমি তাঁর সঙ্গে বেয়াদবি করছি। আমি কিন্তু তাঁকে বলেছিলাম, ভাইয়া এ রকম করলে তো আমি শুটিং করতে পারব না। তিনিও আমাকে বলেছিলেন, না করতে পারলে চলে যান। তখন দ্বিতীয় লটের কাজ চলছিল। আমি ওই লটের কাজ শেষ করে আর যাইনি। এটাই ছিল সরে দাঁড়ানোর মূল কাহিনি।
প্রশ্ন :
আত্মসম্মানে লেগেছিল...
আত্মসম্মানের চেয়েও আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার কাজ করেছিল, কথা ও কাজের মিল না থাকা। যখন থেকে কাজ শুরু করেছি, তখন তো বুঝতাম না প্রফেশনালিজম কী। যখন থেকে বুঝেছি প্রফেশনালিজম কী, তখন থেকে চেষ্টা করেছি তা মেইনটেইন করা। আমার একটা এথিকস আছে একজন শিল্পী হিসেবে, অ্যাজ আ হিউম্যান বিয়িং হিসেবে—কোনো দিন সেটার বাইরে যাইনি, কেউ তা বলতেও পারবে না। তবে আমি সরে এলেও ছবিটার জন্য শুভকামনা থাকল। পোস্টার আপলোড দিয়েছি। অনেককে বলেছিও সিনেমাটি দেখতে।
প্রশ্ন :
ছবিটি নিজে কি দেখেছেন?
না, আমি ছবিটি দেখিনি। এ সিনেমায় তো আমার চরিত্রটিই তো কমপ্লিট করিনি। কীভাবে দেখব।
প্রশ্ন :
যে ছবিটি নিজেই দেখছেন না, তা দর্শকদের দেখার আহ্বান জানাচ্ছেন?
আমি সেভাবেও বলছি না। আপনারা সবাই দলে দলে এসে ছবিটি দেখেন, এ ধরনের কিছুই কিন্তু বলিনি।
প্রশ্ন :
নতুন চলচ্চিত্রের খবর বলুন?
সর্বশেষ হৃদি হক আপুর ‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রের কাজ করছি। খুব সুন্দর একটা চলচ্চিত্র, কাজ করে আমি মুগ্ধ। এখনো অবশ্য কিছু কাজ বাকি আছে। সর্বশেষ ‘গোর’ ছবিটি মুক্তি পেয়েছে, এটার জন্যও প্রশংসা পেয়েছি।