মৌসুমীকে ভালোবাসতেই হবে: ওমর সানী

ওমর সানি, অভিনয়শিল্পী। সম্প্রতি মার ছক্কা ও লিডার ছবির কাজ শেষ করেছেন তিনি। বর্তমানে শুটিং করছেন সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ ছবিতে। এই ছবিতে ওমর সানীকে একজন ক্রিকেট কোচের চরিত্রে দেখা যাবে। পেশাগত ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
ক্রিকেট কোচের চরিত্রে কাজ করতে কেমন লাগছে?
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ ছবিটি ক্রিকেটকে কেন্দ্র করে। ব্যক্তিগতভাবে ক্রিকেট আমি অনেক পছন্দ করি। তাই কাজটি করতে ভালোই লাগছে। ছবিটিতে ক্রিকেটার চরিত্রে কাজ করছেন শাকিব খান। ছবির কাহিনিতে দেখা যাবে, শাকিবের সুখে-দুঃখে পাশে থাকি আমি।
আপনি কি কখনো ক্রিকেট খেলেছেন?
স্কুলজীবনে আমি অনেক ক্রিকেট খেলেছি। ক্রিকেট খেলে টাকাও পেয়েছি। ঢাকা থেকে ময়মনসিংহে ক্রিকেট খেলার জন্য আমাকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো।
একজন ভালো অভিনেতা হতে হলে কী প্রয়োজন বলে আপনি মনে করেন?
অভিনয়শিল্পীর একটি নিজস্বতা তৈরি করতে হবে। কাজ অনেক বেশি সিরিয়াসলি করতে হবে।
শুটিংয়ের অবসরে আপনি কী করতে পছন্দ করেন?
সাধারণত আমি আমার ছেলেমেয়েদের সঙ্গে ফোনে কথা বলি।
আপনার জীবনের প্রথম প্রেম?
প্রথম প্রেম তো আসলে প্রথমই থেকে যায়। বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই না। এরপর আমার সঙ্গে মৌসুমীর পরিচয় হয়। তারপর তো ২০ বছর কেটে গেল।
এত দিন কীভাবে সংসার করছেন?
আমাদের মধ্যে আত্মবিশ্বাস প্রবল। আমরা একে অন্যকে ছাড় দিই এবং আমাদের ভেতর বোঝাপড়াও অনেক ভালো। আর আমরা দুজনই আমাদের ছেলেমেয়েদের কথা অনেক চিন্তা করি।
মৌসুমীর কোন গুণ আপনাকে মুগ্ধ করে?
প্রথমত বলতে চাই, মৌসুমীকে ভালোবাসতেই হবে। কারণ সে ভালোবাসার মতোই একজন মেয়ে। আমার সবচেয়ে ভালো লাগে, তার অসাধারণ ব্যক্তিত্ব। এ ছাড়া মৌসুমীর নাচ ও অভিনয়ের মধ্যে নিজস্বতা রয়েছে।