যখন গানে টান দেই, তখন এই দেশে বিরাজ করি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কাঙালিনী সুফিয়া। ছবি: আবদুস সালাম
কাঙালিনী সুফিয়া। ছবি: আবদুস সালাম

সম্প্রতি প্রকাশিত হলো বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার সিডি আকারে প্রথম একক অ্যালবাম ‘মা’। প্রযোজনা প্রতিষ্ঠান যাত্রা বের করেছে এটি। যাত্রার প্রতিষ্ঠাতা শিল্পী আনুশেহ আনাদিল জানান, প্রায় দেড় বছর ধরে এই অ্যালবামের কাজ হয়েছে। তিন দিন ধরে হয়েছে ঢাকার ধুন স্টুডিওতে হয়েছে লাইভ রেকর্ডিং। বৈঠকি গানের আসরের আবহে গানগুলো ধারণ করা হয়েছে। সিডির দাম ২০০ টাকা। সিডির পাশাপাশি গানগুলো কিনতে পাওয়া যাবে kangalinisufia.com ওয়েবসাইটেও। আনুশেহ বলেন, অ্যালবাম থেকে উপার্জিত অর্থ সরাসরি শিল্পী পাবেন।
প্রথম আলোর সঙ্গে কাঙালিনী সুফিয়া কথা বললেন তাঁর অ্যালবাম নিয়ে। সাক্ষাৎকারের একটি সংক্ষিপ্ত রূপ প্রকাশিত হয়েছে আজ, মুদ্রিত সংস্করণের বিনোদন পাতায়। পাঠকদের জন্য এখানে বিস্তারিত সাক্ষাৎকারটি দেওয়া হলো। মাটির মানুষ এই শিল্পী যে ভাষায় কথা বলেছেন, সেভাবেই প্রকাশিত হলো সাক্ষাৎকারটি। সাক্ষাৎকার নিয়েছেন প্রণব ভৌমিক।


অনেক দিন পর আপনার একটি অ্যালবাম প্রকাশিত হলো। কেমন লাগছে?

আরও অনেক আগে আমার কিছু অডিও ক্যাসেট অ্যালবাম বার হইসিল। আমার মা জননী আনুশিয়ার (শিল্পী আনুশেহ আনাদিল) জন্য এই অ্যালবাম বার হইসে। মা আনুশিয়া একদিন এসে বলল, ‘মা, তোমার একটা সিডি করে দেব। তোমার একটা সিডি করে তোমার হাতেই তুলে দেব।’ এর আগে একটা সিডি বারায়সিল পান্থ কানাইয়ের সঙ্গে। মা আনুশিয়াই এই প্রথম আমার একক সিডি বাইর করসে। পরিশ্রম-টাকা-পয়সা সেই দিসে। আমি তো খালি গান গাইয়া দিসি। খুব ভালো লাগসে। এমন দিন দেখতেসি—আমার সারা জনমের সৌভাগ্য!


অ্যালবামের নাম ‘মা’ কেন?

ওই যে একটা গান গাইসিলাম, ‘মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা’। তাই এই নাম দিসি। সিডির মধ্যে ১১টা গান আছে। আমার নিজের কিছু বাউলগান আছে। লালনের গান আছে, বিজয় সরকারের গান আছে। আমার নিজস্ব গানই বেশি। গান তো অনেকেই গায়। আমি গাই আধ্যাত্মিক সুরে। যখন গানে টান দেই, তখন কিন্তু আমি এই দেশে বিরাজ করি না। গানের সুরের সঙ্গে আমার এই দেহখানা ফানাফিল্লাহ হয়ে যায়।


আপনি অনেক দিন অসুস্থ ছিলেন। এখন কেমন আছেন?

ভালো আছি। এখন গান গাইতে পারি। সরকার আমাকে সাহায্য করসিল। প্রতি মাসে ১০ হাজার টাকা দেয়। বিনে পয়সায় চিকিৎসা করে দেয়। মা আনুশিয়ার কাছে আসলে সেও যখন যা পারে, দেয়। আমি তো একদম পড়ে গেসিলাম, পড়ে গেসি। এখন এই সিডিটা দিয়া যদি আমায় কেউ চিনতে পারেন...


আপনার নাতিকে নিয়ে একটা গান আছে এ অ্যালবামে।

১১ বছর আগে আমার আদরের নাতিটা মারা যায়। গান আমি আগেও গাইতাম, কিন্তু তখন অত উৎসাহ ছিল না। নাতি চলে যাওয়ার পর থেকেই আমি বেশি করে গান গাই। ওই গানটাই বেশি গাইতাম, ‘ও কি ময়নারে/ কেন রে যাবি রে ময়না পিঞ্জিরা ছাড়িয়া।’ আমার নাতি এই গানটাই বেশি পছন্দ করত।


আপনি ১৪ বছর বয়স থেকে গাইছেন। গান গাওয়ার এই প্রেরণা কোথা থেকে পান?

দেখতে গেলে এহন গান হয়ে গেসে পেশা। গান গাইলে পরে কিছু অর্থ আসে, তাই দিয়া বালবাচ্চা বাঁচাইলাম। এইটাই এহন সংসার।


আপনার গুরু কে ছিলেন? আপনি কারও কাছে গান রেখে যাচ্ছেন?

আমার গুরু ছিল গৌর মহন্ত ও দেবেন খ্যাপা। তাঁদের কাছে আমি গান শিখসি। আর হালিম বয়াতির কাছ থেকে একটা গান নিসিলাম। আমার কোনো শিষ্য নাই। আমার ডাক শুনে কেউ যদি না আসে, আমার কিছু করার নাই। জোর করে পিরিত হয় না। কেউ যদি আমার গান ভালোবেসে কাছে আসে, তাইলে আমি শিখাইতে পারি।


এ অ্যালবামে লালনের একটা গান আছে, ‘বাড়ির পাশে আরশিনগর, সেথা পড়শি বসত করে।’ আপনি সে পড়শির দেখা পেয়েছেন?

সেটা কি আর সহজে কেউ পায়? আশায় আছি, এখন না পাই, মরণের পরে পাব। আশাই তো সবকিছু। তাঁর সাধনায় যখন আছি, দেখা যাক, সে পড়শির দেখা পাই কি না...