যাঁকে পছন্দ হয়েছে, তাঁকে আমি বলে দিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমতাহিনা টয়া
ছবি: সাবিনা ইয়াসমিন
‘ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন ফোর’–এর উপস্থাপক মুমতাহিনা টয়া। আজ রাতে প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথম আলো ডটকমে দেখা যাবে জুটিদের নিয়ে এ আয়োজন। এ অনুষ্ঠান, নিজের কাজ ও ভালোবাসা নিয়ে গতকাল কথা বললেন টয়া।

প্রশ্ন :

ফাগুনের শুভেচ্ছা। শুটিংয়ে আঘাত পেয়েছিলেন, এখন ভালো আছেন?

হ্যাঁ, সুস্থ হয়েছি। ওই নাটকের বাকি কাজও করে ফেলেছি ইতিমধ্যে।

প্রশ্ন :

আজ আপনাকে কোথায় দেখা যাবে?

ভালোবাসা দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজনে ‘সিবিএল মাঞ্চি চাংকি চক ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন-৪’ দেখা যাবে। সেখানে কাপলদের নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান আছে। আমি সেটার উপস্থাপনা করছি। সন্ধ্যা সাড়ে ৭টা, রাত সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় ভালোবাসার গল্প শোনাবেন তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ, নাদিয়া-নাঈম ও শ্রাবণ্য তৌহিদা-সাব্বির জুটি।

প্রশ্ন :

ভালোবাসা দিবসে কী কী নাটক আসছে?

ক্লোজ আপ কাছে আসার গল্প–এর বিশেষ ভালোবাসার নাটক নাইস টু মিট ইউ আসছে। এবার এই একটি নাটকেই কাজ করেছি।

মুমতাহিনা টয়া
সংগৃহীত

প্রশ্ন :

ব্যস্ততা কেমন এখন?

ঈদের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। বেশ কয়েকটি নাটকে কাজ করব। এ ছাড়া একটা ওয়েব সিরিজে কাজের কথা চলছে। তবে এখনই নাম বলতে পারছি না। সব ঠিকঠাক হলে শিগগিরই জানাব।

প্রশ্ন :

আপনার অভিনীত প্রিয় একটা চরিত্রের কথা জানতে চাইলে কোন চরিত্রটির কথা বলবেন?

আমাদের কাছে সব চরিত্রই আপন। সেগুলোর মধ্য থেকে একটা চরিত্র বেছে নেওয়া খুব কঠিন। একটা থেকে আরেকটা ভালো বলাটা টাফ আমার কাছে।

মুমতাহিনা টয়া
প্রথম আলো

প্রশ্ন :

প্রথম যে নাটকটি দেখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন?

অভিনেত্রী হতে হবে, এমন কিছুই আমার মনে ছিল না। তবে ছোটবেলা থেকে আমি প্রথম আলোর নকশা পড়তাম। রস আলো, নকশা আর প্রতিদিনের বেসিক আলী আমার সবচেয়ে ফেবারিট ছিল। আমি নকশার ফটোশুটগুলো দেখতাম। তখন থেকে একটা ফ্যাসিনেশন জাগে। সেখানে নিজের ছবি দেখতে চেয়েছিলাম। মনে হতো, ইশ্‌ এখানে যদি আমাকে নিয়ে একটা ফিচার হতো। এভাবেই মডেলিংয়ের ইচ্ছা থেকে অভিনয়ে চলে আসা। লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা চলাকালে আমাকে দু–তিনটি শর্ট ড্রামা করতে হয়েছিল। সেগুলো করতে গিয়েই অভিনয়ের ইচ্ছাটা তৈরি হয়। মনে হয়েছিল, আমি এটা এনজয় করছি। আর যেদিন প্রথম নকশার ফটোশুট করি, সেদিন খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। কারণ এটাই আমি চেয়েছিলাম।

প্রশ্ন :

কবে, মনে আছে?

সম্ভবত ২০১৩ সালে। ফাগুনের কোনো একটা ফিচার ছিল। সেখানে আরও মডেল ছিল। আমার ছবিটিই কাভারে গিয়েছিল। আমি জানতাম না যে আমার ছবিটা কাভারে যাবে। যখন কাভারে ছবি দেখেছি, তখন আমি ইমোশনাল হয়ে পড়ি। মিডিয়া কিংবা এই ক্যারিয়ারে আসায় প্রথম আলোর একটা ভূমিকা আছে বলতে পারি।

মুমতাহিনা টয়া
সংগৃহীত

প্রশ্ন :

অভিনয়ে কাকে অনুসরণ করেন? দেশ কিংবা বিদেশের?

দীপিকা পাড়ুকোনের অভিনয় আমার ভালো লাগে। আমি দীপিকাভক্ত একটা মেয়ে। তাঁর পারসোনালিটি থেকে শুরু করে অভিনয়, সব ভালো লাগে। নিজেকে তিনি যে জায়গায় নিয়ে গেছেন—এসব কিছুর জন্যই আমার কাছে তাঁকে আইকনিক মনে হয়। দীপিকার জার্নিটা আমাকে ইন্সপায়ার করে।

প্রশ্ন :

সিনেমার কোনো খবর আছে?

সত্যি বলতে, আমি একদম বাণিজ্যিক সিনেমায় খুব আগ্রহী হইনি কখনো। এ কারণে এ ধরনের সিনেমার প্রস্তাব আসেনি। আমি গল্পনির্ভর সিনেমা পছন্দ করি। এগুলো এখন প্রচুর হচ্ছে। আমার ইচ্ছা আছে এগুলোতে কাজ করার। কাজের কিছু প্রস্তাবও পেয়েছিলাম। শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি।

মুমতাহিনা টয়া
সংগৃহীত

প্রশ্ন :

প্রথম যাঁর প্রেমে পড়েছিলেন, তাঁকে জানিয়েছিলেন?

আমি খুবই আউটস্পোকেন। আমার ভেতরে যার জন্য যেটা চলে, আমি সঙ্গে সঙ্গে বলে ফেলি। আমি মনে কিছু রাখি না। আমার যাঁকে পছন্দ হয়েছে, আমি বলে দিয়েছি। অবশ্য আমার বলতে হয়নি। তাঁকে দিয়ে বলিয়েছিলাম।