যে কাজটা টাকার জন্য করব, জেনেবুঝেই করব
সিনেমার পর এবার ওয়েব সিরিজ নিয়েও আজমেরী হক বাঁধন আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি–তে তাঁর অভিনয়ের প্রশংসা করছেন সবাই। এরই মধ্যে খবর বেরোয়, রেহানা মরিয়ম নূর ছবিটি পাইরেসি হয়ে গেছে। এসব নিয়ে গতকাল সন্ধ্যায় কথা হলো তাঁর সঙ্গে—
প্রশ্ন :
‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ নিয়ে পক্ষে–বিপক্ষে নানা কথা থাকলেও আপনার অভিনীত মুশকান জুবেরী চরিত্রের প্রশংসা সবাই করছেন। পরিচালকের পুরো মনোযোগ আপনার দিকেই ছিল?
না, এমনও হতে পারে—মুশকান জুবেরী বেশি সিরিয়াসলি কাজটা করেছে। কারণ মুশকান জুবেরীর প্রেমে পড়েছে বাঁধন। আমি যখন কাজটা করতে দেশের বাইরে যাই, তখনই বলেছি—মন থেকে আমি কাজটা করতে চাই। চরিত্রটা আমার জন্য দারুণ পছন্দ হয়েছে। আমি ভাগ্যবান যে এমন একটা চরিত্রটা আমি পেয়েছি। সবাই তো এমন চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন। আমি সেটার সদ্ব্যবহার করেছি।
প্রশ্ন :
মুশকান জুবেরী চরিত্রটি যেই লেখকের সৃষ্টি, তিনি কী বলেছেন?
লেখক বলেছেন, আমার অনেস্টি, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন তিনি পর্দায় দেখতে পেয়েছেন। তিনি তো এই চরিত্রের ক্রিয়েটর, তাঁর যদি কখনো মনে হতো এই চরিত্রের প্রতি জাস্টিস করিনি, তাহলে আমার জন্য দুঃখজনক হতো। তিনি বলেছেন, আমাকে মুশকানই মনে হয়েছে। এটা অনেক বড় একটা প্রাপ্তি। সবাই আমার অভিনয়ের এত প্রশংসা করেছে, গত তিন বছর যে আমি নিজেকে গড়েছি, এটা তারই ফল। ওই সময়টায় সুযোগ হয়েছিল, আরও দুটি কাজের সঙ্গে যুক্ত হওয়ার। কিন্তু খুবই হতাশ হয়েছি।
প্রশ্ন :
যে দুটি কাজের অভিজ্ঞতা খারাপ সেগুলো কবে করেছিলেন?
ওসব রেহানা এবং রবীন্দ্রনাথের মাঝামাঝি করেছিলাম। একজন আমাকে বলেছিল, টেলিভিশন নাটক বানাচ্ছেন। পরে দেখি তিনি সেই নাটক একটি অ্যাপে সিনেমা নামে চালিয়ে দিয়েছেন! আরেকটি কাজ ছিল ওটিটির জন্য, কিন্তু সেই পরিচালকের কাছ থেকে এমন কাজ মোটেও প্রত্যাশা করিনি!
প্রশ্ন :
তার মানে আপনি সবই কি মানসম্পন্ন করবেন?
না, আমি তা বলছি না। আমি যে কাজটা টাকার জন্য করব, জেনেবুঝেই করব। আমি আমার কাছে ক্লিয়ার থাকব। কেউ যদি আমাকে বলেন, রেহানা কীসের জন্য করছ? আমি বলব, আমার জন্য করেছি। তাই জীবন দিয়ে করছি। কেন মুশকান করছি? কারণ আমি মুশকানের প্রেমে পড়ছি।
প্রশ্ন :
মুশকান জুবেরীকে পরিচালক খুঁজে পেয়েছিল কীভাবে?
সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া অনেকে খারাপ হিসেবে দেখে, আমার জন্য তো আশীর্বাদ হয়ে এসেছে জীবনে। ফেসবুকে ছবি দেখে পরিচালকের মনে হয়েছে, কল্পনার মুশকানের সঙ্গে আমার চেহারার মিল আছে। এরপর আমার সঙ্গে যোগাযোগ করে। শুরুতে ভেবেছিলাম, এটা আসল সৃজিত মুখার্জি না। আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয়ও ছিল না তো। তা ছাড়া করোনা মহামারির শুরুতে চারদিকে একের পর এক মৃত্যুর খবর, আমি ভাবতেই পারিনি, সৃজিত মুখার্জি কাজের প্ল্যান করছে। করলেও আমি কেন! পরে দেখি যে সত্যি সত্যি সে। এরপর ছবি তুলে পাঠালাম। তিন দিন পর জানায়, যে মুশকানকে খুঁজছে, তাঁকে পেয়ে গেছে।
প্রশ্ন :
রেহানা ও মুশকান জুবেরীকে এখনো অডিশন দিতে হয়?
আমি বারবার অডিশন দিতে চাই। যারা আমাকে অডিশনের জন্য রাজি করাতে পারবে, তাঁদের সঙ্গে কাজ করতে বেশি আনন্দ পাব।
প্রশ্ন :
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পাইরেসি হওয়ার খবর শোনার পর কী অনুভূতি হয়?
এ রকম একটা সিনেমায় অভিনয়ের সুযোগ আর কোনো দিন আমার জীবনে আসবে কি না, জানি না। সেখানে এমন একটি ঘটনা দুঃখজনক। একটা কথা বলতে চাই, যাঁরা লিংকগুলো পাচ্ছেন, তাঁরা যেন না দেখেন। যে সিনেমা আমাদের দেশের জন্য এত বড় সম্মান বয়ে আনল, তা যেন সবাই প্রেক্ষাগৃহে বসেই দেখি।