
আজ থেকে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক এক ঝাঁক মৃত জোনাকি। এটি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে। মনসুর রহমানের রচনা ও শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ধারাবাহিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।
‘এক ঝাঁক মৃত জোনাকি’ নাটকটির শুটিং কত দিন আগে করেছেন?
সঠিক সময়টা মনে নেই। তবে আট-নয় মাস আগে তো হবেই। উত্তরায় শুটিং করেছিলাম এতটুকু মনে আছে।
কী ধরনের চরিত্র ছিল আপনার, মনে আছে?
কিছু তো মনে আছেই। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চরিত্র। তাঁর গার্লফ্রেন্ড ও বন্ধুদের সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটে। সত্যি কথা বলতে কি, আমি দু-তিন দিন শুটিং করেছিলাম। এখন তো প্রচার শুরু হলো। এবার পুরোদমে শুটিং শুরু হবে।
আপনি নাকি ইদানীং বেছে বেছে কাজ করার চেষ্টা করছেন?
বেশ কিছুদিন ধরে এই চেষ্টা করছি। এরই মধ্যে হাতে থাকা বেশ কিছু ধারাবাহিকের কাজ ছেড়ে দিয়েছি। ঠিকমতো কাজ হচ্ছিল না। অনেকেই এটাকে আমার বিলাসিতা হিসেবে দেখছে। কিন্তু মন থেকে সাড়া না পেলে সেই কাজটা করে আনন্দ পাই না।
সব সময় কি নিজেকে নায়ক হিসেবেই দেখতে চান? তেমন নাটকেই কাজ করেন?
একেবারেই না। আমি অভিনয়টাই করতে চাই। ছোট চরিত্র, কিন্তু গুরুত্বপূর্ণ—এমন হলেও সেটা আমি করতে চাই। সহজ করে বলি, ধরুন, আমার চরিত্রটা ছোট, কিন্তু এটার প্রভাব নাটকজুড়েই রয়েছে, সে রকম কিছু হলেও আমি সব সময় আগ্রহী।
মাঝে তো সিনেমাও করলেন...
সত্যি কথাটা হলো, এখনো মনের মতো সিনেমায় অভিনয় করতে পারিনি। অপেক্ষায় আছি। আমি খুব মন থেকে চাই একটা ভালো সিনেমার সুযোগ আসুক। সেটাতে মন দিয়ে অভিনয় করতে চাই, যেন সবাই আমাকে মনে রাখে।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক