>মডেলিং ও অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন শাহতাজ। গত বছরের শেষ দিকে ‘উড়ে যাই’ শিরোনামের একটি গান গেয়ে আলোচনায় আসেন তিনি। শুধু তা-ই নয়, ২০১৬ সালের শেষ দিন এবিসি রেডিও এফএম ৮৯.২-এ দিনভর বাজে ২০১৬ সালের সেরা ৫০টি গান। এই তালিকায় ৪ নম্বরে ছিল শাহতাজ ও বাম্মির গাওয়া সেই গান। তৌফিকের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত। গান ও সমসাময়িক কাজ নিয়ে কথা হলো শাহতাজের সঙ্গে

এবিসি রেডিওর সেরা গানের তালিকার ৪ নম্বরে ‘উড়ে যাই’ গানটি আছে। কেমন লাগছে?
এটা আমার প্রথম গাওয়া মৌলিক গান। অনেক ভালো লাগছে। এই গানটি প্রকাশ পাওয়ার পরপরই অনেকে প্রশংসা করেছেন। আমার পরিচিত মানুষের পাশাপাশি অনেক অচেনা মানুষও এই দলে আছেন। তাঁদের প্রশংসার প্রাপ্তিই হলো ‘সেরা’ হওয়া।
কিন্তু আপনার শুরু তো মডেলিং ও অভিনয় দিয়ে। সেগুলো বাদ দিয়ে কি সংগীতশিল্পী হবেন?
আসলে ব্যাপারটা ও রকম না। আমি আমার ভালো লাগাকে মূল্যায়ন করি। যদি মনে হয় এই কাজটি ভালোমতো করতে পারব এবং সবাই পছন্দ করবে, তাহলে সেটাই করি। এটা যেকোনো মাধ্যমে হতে পারে।
আবার নতুন গান শোনা যাবে কবে?
এটা এখনই বলতে পারছি না। আমার যদি ভালো লাগে যেকোনো সময়েই গাইতে পারি। আর ‘উড়ে যাই’ গানটিতে এত প্রশংসা পেয়েছি যে এখন যেনতেন গান গাইতে পারব না। অবশ্যই সেটা আগের গানের চেয়ে ভালো হতে হবে।
মডেলিং ও অভিনয়ের কী অবস্থা?
আমি বেছে কাজ করি। তাই অভিনয় কম করা হয়। একটা বিজ্ঞাপনের কাজে এ মাসের ১৩ তারিখে ভারত যাচ্ছি। আরও কিছু কাজের ব্যাপারে কথা হচ্ছে। দেখা যাক।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক