রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায়। গতকাল বের হয়েছে তাঁর একটি নতুন অ্যালবাম। কথা হলো তাঁর সঙ্গে।

নতুন অ্যালবামের বিশেষত্ব কী?
আমার নতুন অ্যালবামের নাম তোমার বিরহে। নাম তোমার বিরহে হলেও এতে থাকছে রবীন্দ্রনাথের প্রেমের গান। অ্যালবামটির সুর আয়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্যযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘আমার হিয়ার মাঝে’, ‘সেই ভালো, সেই ভালো’, ‘এরা সুখের লাগি চাহে প্রেম’সহ ১৩টি গান। লেজার ভিশন থেকে বের হয়েছে অ্যালবামটি। আজ থেকে এটি বাজারে পাওয়া যাবে।
অনেক দিন পরে আপনার নতুন অ্যালবাম বাজারে এল?
ঠিক অনেক দিন পরে নয়। প্রতিবছরের পঁচিশে বৈশাখ উপলক্ষে আমার নতুন অ্যালবাম করার চেষ্টা করি। এবারের অ্যালবামটি ওই বিশেষ দিন উপলক্ষেই। ইচ্ছা আছে প্রতিবছর কবিগুরুর জন্মদিনে অ্যালবাম প্রকাশের।
এ তো খুব ভালো খবর!
রবীন্দ্রনাথ আমার মানসিক শক্তির উৎস। আমার জীবনে চলার শক্তি। পথ চলতে চলতে কখনো যদি ক্লান্তি আসে, তখন আমাকে পথ দেখান রবীন্দ্রনাথ। সে হিসাবে আমার সঙ্গে তাঁর গভীর প্রেম বলতে পারেন।
একসময় গান শিখতেন, এখন শেখান। কেমন লাগে ব্যাপারটি?
আমি কিছুদিন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও সংগীত বিভাগের প্রভাষক হিসেবে যোগ দিয়েছি। আসলে শেখাতে গেলেও যে অনেক কিছু শেখা যায়, এটা বুঝতে পারছি। আমি যখন ক্লাসে যাই, তখন চেষ্টা করি শিক্ষার্থীদের সঙ্গে সহজভাবে মিশতে। তাঁরা যেন আনন্দ নিয়ে ক্লাস করেন, সেই চেষ্টা করি। আমি নিজেও আনন্দ নিয়ে পড়াতে ভালোবাসি। কারণ, আমার যাঁরা শিক্ষক ছিলেন, তাঁরাও এই কাজটি করতেন।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক