নতুন বছরকে বরণ করতে গত বছরগুলোর মতো এবারও চ্যানেল আই ও সুরের ধারা আয়োজন করেছে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান। দেশ-বিদেশের হাজারো কণ্ঠশিল্পীর উপস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পয়লা বৈশাখে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ষষ্ঠবারের মতো আয়োজনটি হচ্ছে। বিকেলে থাকছে চৈত্রসংক্রান্তি উৎসব ১৪২৩ নিয়ে ‘বর্ষবিদায়’-এর অনুষ্ঠান। এই আয়োজন নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বললেন সুরের ধারার চেয়ারম্যান ও রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

এবারের চৈত্রসংক্রান্তিতে কী করছেন?
চৈত্রসংক্রান্তির প্রতিপাদ্য (থিম) হচ্ছে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’। বিভিন্ন সময় বাংলাদেশে এসে রবীন্দ্রনাথ যা কিছু সৃষ্টি করেছেন, সেগুলো নিয়ে আয়োজন থাকছে।
চৈত্রসংক্রান্তি গ্রামের পার্বণ হিসেবে পরিচিত। নাগরিক জীবনে এর তাৎপর্য কী?
আমরা এটাকে ‘চৈত্রসংক্রান্তি’ বলি না। চৈত্রসংক্রান্তি হচ্ছে গ্রামীণ সংস্কৃতি, লোকজ সংস্কৃতি। আমরা বলি ‘বর্ষবিদায়’। এটা রাবীন্দ্রিক একটা সংজ্ঞা। বর্ষবিদায়ের মানে হলো পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আবাহনের প্রস্তুতি। এটাতে একটা আত্মোপলব্ধির ব্যাপার থাকে।
এবারের প্রতিপাদ্য ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ কেন?
এই সময় রবীন্দ্রনাথ সবচেয়ে ও সর্বজনগ্রায্য একটা বিষয়। রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের মনন আমরা ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশে রবীন্দ্রনাথের স্থিতিকাল কম সময় হলেও খুব উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ।
হাজার কণ্ঠ বর্ষবরণের পরিকল্পনা কীভাবে আপনাদের মাথায় আসে?
এটা ছয় বছর ধরে চলছে। আমরা রবীন্দ্রনাথের জন্মের সার্ধশতবর্ষ যখন উদ্যাপন করলাম, তখন থেকে করে আসছি। ওই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে মনে হলো, হাজার কণ্ঠে বর্ষবরণ করা সম্ভব। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গার ছেলেমেয়েদের নিয়ে করার চেষ্টা করেছি।
এবার অনুষ্ঠান নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে?
পুরো আয়োজনটাই তো বিশেষ। এত দিন ধরে গান তৈরি করছি! এবার গান বেশি থাকছে।
নববর্ষ উদ্যাপন কী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন?
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তেই এ ধরনের উৎসব আরও বেশি করে করা দরকার। মানুষকে সচেতন করা, এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত করা, সংযুক্ত করা দরকার। সে জন্যই এবার আরও বড় করে এ উৎসব করছি আমরা।
সাক্ষাৎকার: শরীফ নাসরুল্লাহ