রবীন্দ্রনাথের সময়ে যেভাবে গান হয়েছে, এখন সেভাবে হবে না

অদিতি মহসিন। ছবি: প্রথম আলো
আজ ৮০তম রবীন্দ্রপ্রয়াণ দিবস। তিনটি অনুষ্ঠানে আজ গান শোনাবেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন

প্রশ্ন :

কেমন আছেন?

টিকা নিয়েছি বেশ কিছুদিন হলো। ভালোই আছি। তবে শিল্পীদের জন্য এই ভালো ভালো নয়। অনেক দিন হলো মানুষের মধ্যে যাওয়া হয় না, মুখোমুখি গান করা হয় না। এমনকি আমি তো টেলিভিশন অনুষ্ঠানেও যাই না।

অদিতি মহসিন

প্রশ্ন :

মাছরাঙা টিভিতে আপনার অনুষ্ঠানটার কী হবে?

ভাবছি, অনুষ্ঠানটি শিগগির হয়তো শুরু করব। আর তো বসে থাকা যায় না। এর মধ্যে নিজের একটা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ খুলেছি। আমার গাওয়া বহু গান তো বহু চ্যানেলে ছড়িয়ে আছে। সেগুলোকে নিজের চ্যানেলে ফিরিয়ে আনব। পাশাপাশি নতুন কিছু গান করে নিজের চ্যানেলে দেব।

অদিতি মহসিন

প্রশ্ন :

ওই চ্যানেলে শুধু রবীন্দ্রসংগীত থাকবে?

বিভিন্ন সময়ে আমি কানন দেবী, গীতা দত্তদের গানও গেয়েছি। তাঁদের কিছু গানও হয়তো নতুন করে গেয়ে নিজের চ্যানেলে দেব।

প্রশ্ন :

সময়টা কীভাবে কাটছে?

গান শুনি, বিভিন্ন মাধ্যমে খবর দেখি, সিনেমা দেখি। সাংসারিক কাজ, রান্নাবান্না তো আছেই। ভার্চ্যুয়ালি নানা অনুষ্ঠানে যোগ দিই।

প্রশ্ন :

গান শেখানোর কী খবর?

প্রায় ১০ বছর পর আবার নতুন করে গান শেখাতে শুরু করেছি, অনলাইনে। দেশ-বিদেশের বেশ কিছু ছাত্রছাত্রী সপ্তাহে দুই দিন ‘আনন্দধারা’ নামে সে আয়োজনে যুক্ত হয়েছেন। তাঁদের ক্লাসসংশ্লিষ্ট নানা কাজও ঘরে বসে করতে হয়।

মঞ্চে অদিতি মহসিন

প্রশ্ন :

কাল (আজ) রবীন্দ্রপ্রয়াণ দিবস।

কবিগুরুর জীবনে অনেক আঘাত এসেছে। জীবদ্দশায় তিনি অনেক কাছের মানুষকে হারিয়েছেন। সেসব বেদনা থেকে তিনি অনেক গানও রচনা করেছেন। বাইশে শ্রাবণ যে কেবল শোকের দিন, দুঃখের গান গাইতে হবে, তা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে জীবনের অংশ মনে করতেন। তাঁর কাছে মৃত্যু হচ্ছে জীবনের একটা সফল পরিসমাপ্তি। আমরা এদিনে তাঁকে স্মরণ করি। মৃত্যুর শোক নিয়ে দিনটি স্মরণ করতে হবে, তা নয়।

প্রশ্ন :

বাইশে শ্রাবণ কোথায় কী গান শোনাবেন?

বেশ কয়েকটি অনুষ্ঠানে গান করব। বাসা থেকেই অনলাইনে যুক্ত হব। সকাল ১০টায় শিল্পকলা একাডেমির অনুষ্ঠান, বিকেল ৪টায় বাংলা একাডেমির। সন্ধ্যা সাড়ে ৭টায় দ্য বেঙ্গল নামে কলকাতার একটা সংস্থার অনুষ্ঠানে। সব কটি প্রতিষ্ঠানগুলোর নিজ নিজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এখন যেহেতু শ্রাবণ মাস, শোনাব মূলত রবীন্দ্রনাথের বর্ষার গান।

অদিতি মহসিন তানপুরা দিয়ে রেয়াজ করেন প্রতিদিন।

প্রশ্ন :

রবীন্দ্রসংগীতচর্চায় আগ্রহী তরুণদের কী বলবেন?

রবীন্দ্রনাথের সময়ে যেভাবে গান হয়েছে, এতকাল পর এখন সেভাবে হবে না, সেটাই স্বাভাবিক। তাঁর সময়ে শান্তিনিকেতনে এস্রাজ, খোল-তবলার সঙ্গে গান হতো। এখন গিটার, কি-বোর্ডের মতো আধুনিক অনেক যন্ত্র আমরা ব্যবহার করছি। যুগের সঙ্গে সঙ্গে সবকিছুই পাল্টাবে। কিন্তু তার মধ্যেও একটা পরিমিতি বোধ, রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ঠিক রাখতে হবে। রবীন্দ্রনাথের গানকে যেন রবীন্দ্রনাথের গানই মনে হয়, অন্যের গান মনে না হয়। তিনি সেটা বলেও গেছেন, ‘আমার গান যেন আমার গান বলে চেনা যায়।’ সেটা নিশ্চয়ই যেকোনো সুরকারই চাইবেন।