রবীন্দ্রভাবনা ও সুফি দর্শনকে একসূত্রে বাঁধব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভদ্বীপ চক্রবর্তী
শুভদ্বীপ চক্রবর্তী

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির সঙ্গে সুফিসংগীতের মিশেল ঘটিয়েছে কলকাতার দল ‘শ্রুতিবৃত্ত’। তারা তাদের এই ভিন্নধর্মী আয়োজন ‘টেগোর ইন সুফিয়ানা’ নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় আসছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে। সেই দলের সদস্য শুভদ্বীপ চক্রবর্তী কথা বললেন তাঁদের পরিবেশনা নিয়ে।

‘টেগোর ইন সুফিয়ানা’ আসলে কী ধরনের পরিবেশনা?
এটা আসলে গান, কবিতা ও বাদ্যযন্ত্রের সমন্বয়। রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে আমরা সুফি গানের মিশেল ঘটিয়েছি। সঙ্গে থাকছে সেতার ও তবলার সুর। এই পরিবেশনার ভাবনা আমার। আমি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করব। গান করবেন সমবুদ্ধ চট্টোপাধ্যায়। সেতারে থাকবেন দ্বীপশংকর ভট্টাচার্য্য এবং তবলায় নবারুণ কুমার দত্ত। পাশাপাশি রবীন্দ্রনাথের বাণীর দিয়েও পরিবেশনাকে এগিয়ে নিয়ে যাব আমরা। এই পরিবেশনার মধ্য দিয়ে আমরা সুফি দর্শন ও রবীন্দ্রভাবনাকে একসূত্রে বাঁধব। দুটি ধারার যে মিল—দুটি ধারাই যে একই শান্তির বাণী প্রচার করে, তা আমরা জানাতে চাই।
এ ধরনের পরিবেশনা কি এর আগেও করেছেন?
১৮ জুন কলকাতার আইসিসিআর–এ প্রথম ‘টেগোর ইন সুফিয়ানা’ দর্শকের সামনে পরিবেশন করি। এরপর পশ্চিমবঙ্গে এর আরও একটি পরিবেশনা হয়। তবে দেশের বাইরে এই প্রথম আমরা টেগোর ইন সুফিয়ানাকে নিয়ে এলাম। আমরা খুবই আনন্দিত ও গর্বিত যে বাংলাদেশ দিয়েই আমাদের আন্তর্জাতিক পরিবেশনার শুরু হলো। এরপর আমরা যাব সিঙ্গাপুর, দুবাই ও আমেরিকায়।
মোট কয়টি গান ও কবিতার সমন্বয় থাকছে আজ?
রবিঠাকুরের আটটি কবিতা ও আটটি সুফি গান থাকছে। আমির খসরু, জালালউদ্দিন রুমি, নিজামউদ্দিন আউলিয়া, বুল্লে শাহের সুফিসংগীতগুলো পরিবেশন করব আমরা।
বাংলাদেশে কি আর কোনো পরিবেশনা থাকবে আপনাদের?
আগামীকাল চট্টগ্রামের শিল্পকলা একাডেমীতে টেগোর ইন সুফিয়ানা নিয়ে যাচ্ছি আমরা।