রবীন্দ্রসংগীতে তরুণদের আগ্রহ ও উৎসাহ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে গত রোববার শেষ হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের তিন দিনের জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। ৩৬তম এই সম্মেলনের শেষ দিন বুলবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির কর্মপরিকল্পনা নিয়ে গতকাল সোমবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।
বুলবুল ইসলাম
বুলবুল ইসলাম

অভিনন্দন আপনাকে।
ধন্যবাদ।
সাধারণ সম্পাদক হিসেবে কার্যক্রম শুরু করার ক্ষেত্রে কী পদক্ষেপ নেবেন?
সারা দেশে আমাদের ৭২টি শাখা আছে। এই শাখাগুলোর মধ্যে কিছু শাখা একটু দুর্বল। শুরুতে আমরা এসব শাখাকে সক্রিয় করতে উৎসাহিত করব। তারপর সারা দেশের শিশু-কিশোর থেকে সাধারণ মানুষ যারাই রবীন্দ্রসংগীতচর্চা করে, তারা যেন আরও বেশি পরিণত হয় এবং সঠিকভাবে গাইতে পারে, সেই চেষ্টা করব। এ ছাড়া রবীন্দ্রসাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যের আরও দিকপাল যাঁরা আছেন, তাঁদের ব্যাপারে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা, তাঁদের বই পড়া, সেসব বই নিয়ে ভাবনাচিন্তা করার উদ্যোগ নেওয়ার কাজ করব। গানের অন্যান্য শাখায়ও সবাই যেন ভালো গাইতে পারে, সেদিকেও নজর দেব। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের দিকে জোর দেব।
সারা দেশে রবীন্দ্রসংগীতের চর্চা কেমন হচ্ছে?
আমার মনে হয়, রবীন্দ্রসংগীতচর্চার প্রতি আগ্রহ জন্মেছে এবং উৎসাহও বেড়েছে। মফস্বল শহরগুলোতে তরুণেরা রবীন্দ্রসংগীত, লোকগানে অনেক উৎসাহী। আমরা যখন মফস্বল শহরগুলোতে যাই, তখন কিন্তু দেখি যে এ ধরনের গানের চর্চাই বেশি হচ্ছে। এবার যেমন আমাদের প্রতিযোগিতা হলো, সেখানে দুই হাজারের বেশি অংশগ্রহণকারী ছিল। সারা দেশ থেকে বাছাই করে ঢাকায় ৪০০ জনকে নিয়ে এসেছি। প্রতিযোগিতা তো সবাই করে না, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষ প্রতিযোগিতায় অংশ নেয়।
রবীন্দ্রসংগীতের প্রচার-প্রচারে আরও কী করা উচিত?
আমাদের দেশে যেসব বহুজাতিক প্রতিষ্ঠান এবং দেশীয় বড় প্রতিষ্ঠান আছে, তারা অন্য ধরনের গানের অনুষ্ঠানের ব্যাপারে যতটা আগ্রহী, রবীন্দ্রসংগীতে ততটা নয়। এ ধরনের সহযোগিতা ছাড়াই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। একমাত্র বাংলাদেশ টেলিভিশন রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান গুরুত্ব দিয়ে করত। আর বেসরকারি চ্যানেলগুলো বিশেষ দিবস ছাড়া এ ধরনের কোনো অনুষ্ঠানে এগিয়ে আসে না। তাই আমরা প্রধানত মঞ্চের অনুষ্ঠান নিয়েই বেশি ভাবি।
সাক্ষাৎকার: মনজুর কাদের