>আজ থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক বাবুই পাখির বাসা। লিখেছেন কাজী শাহিদুল ইসলাম আর পরিচালনা করছেন সকাল আহমেদ। এই নাটকে অভিনয় করছেন লাক্স তারকা অর্ষা। চলতি সময় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।
শুটিংয়ে আছেন?
হ্যাঁ, উত্তরায় একটি ধারাবাহিক নাটকের শুটিং করছি। নাটকের নাম সম্রাট। এটি এনটিভিতে চলছে। নাটকে আমার চরিত্রটি একজন যৌনকর্মীর। কাজটি করতে গিয়ে অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার। চরিত্রটি চ্যালেঞ্জিংও বটে।

‘বাবুই পাখির বাসা’ নাটকে আপনার চরিত্র কেমন?
এমবিএ শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্ন শুরু করি। অফিসে আমার সহকর্মী শহীদুজ্জামান সেলিম। কিছুদিন যাওয়ার পর সেলিম ভাই আভাস দেন, তিনি আমাকে ভালোবাসেন। কিন্তু বাসায় তাঁর স্ত্রী আছেন। তাঁরই ছোট ভাইয়ের (ওই চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা) সঙ্গে আমার আগে থেকেই প্রেমের সম্পর্ক। নাটকটির মধ্যে গিমিক আছে।
ঈদের নাটকের কাজ শুরু করেছেন?
হ্যাঁ। এরই মধ্যে দুটি নাটকের কাজ শেষও হয়েছে। একটি রাজা রাজের ইঞ্জিন, আরেকটি লবিং লাভ। আরও দুটি চিত্রনাট্য বাসায় আছে। এখনো পড়া হয়নি। ভালো হলে কাজ করব।
শুনলাম, আবারও ‘ছোট কাকু’ সিরিজে অভিনয় করছেন।
তিন বছর ধরে ‘ছোট কাকু’ সিরিজে কাজ করছি। এবারও করব। এখানে আমার চরিত্রের নাম অর্ষা। প্রতিবার প্রতি সিরিজে কাজ করার জন্য দেশের বিভিন্ন জেলায় যেতে হয়। বিষয়টা খুব মজার। যতটুকু শুনেছি, এবার বগুড়ায় রহস্য অনুসন্ধানে যাবেন ছোট কাকু। সঙ্গে আমরাও।
নাটক কম করছেন কি?
কমবেশি বিষয় না। কাজের প্রস্তাব পেলে আগে চিত্রনাট্য পড়ে নিই। এরপর চরিত্রটিতে আমার কাজের জায়গা কতটুকু তা দেখি। এভাবেই কাজ করি।
সাক্ষাৎকার: শফিক আল মামুন